বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি গণতান্ত্রিক ও সুশৃঙ্খল দল উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরী এসিস্ট্যান্ট সেক্রেটারি ফয়সাল মোহাম্মদ ইউনুছ বলেছেন, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। আগামীতে এ জমিনে ইসলাম তথা মক্কা বিজয়ের মত বিজয় অর্জন করতে হলে রাসুলের (সা.) মত বদর, ওহুদ, খন্দকসহ নানাবিধ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আসতে হবে। এই জন্য ইসলামী আন্দোলনের কর্মীদের আরও বেশি ঈমানে ও নৈতিক মানে বলিষ্ঠ হতে হবে। সাংগঠনিক দায়িত্ব পালনের পাশাপাশি শেষ রাতে ইবাদাতের মাধ্যমে আল্লাহ নৈকট্য অর্জনের জন্য সর্বোচ্চ চেষ্টা করতে হবে এবং জমিনে দ্বীন কায়েমের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে হবে।
বুধবার বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর বন্দর থানার ৩৬ নম্বর গোসাইলডাঙা সাংগঠনিক ওয়ার্ডের উদ্যোগে অনুষ্ঠিত অগ্রসর কর্মী শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
৩৬ নম্বর গোসাইলডাঙ্গা-নিমতলা প্রশাসনিক ওয়ার্ড আমীর জাকের হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে দারসুল কোরআন পেশ করেন থানার ওলামা বিভাগের প্রধান মাওলানা রুহুল আমীন। এতে আরও বক্তব্য রাখেন থানা সেক্রেটারি ইকবাল শরীফ, পশ্চিম গোসাইলডাঙ্গা সাংগঠনিক ওয়ার্ড সভাপতি জিএম কামরুজ্জামান এবং পূর্ব গোসাইলডাঙ্গা সাংগঠনিক ওয়ার্ড সভাপতি মনির উদ্দিন বাপ্পি।
কর্মী শিক্ষা শিবিরে বিশেষ অতিথির বক্তব্যে বন্দর থানা আমীর মাহমুদুল আলম বলেন, পতিত স্বৈরাচার আওয়ামী লীগ নানা ষড়যন্ত্র করছে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। আমাদেরকে ধৈর্য্য সহকারে সকল ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে। পাশাপাশি জমিনে দ্বীন কায়েমকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করতে হবে।