আর্থিকভাবে অস্বচ্ছল রোজাদারদের পাশে বিত্তবানদের মানবিক সহায়তা নিয়ে এগিয়ে আসার আহবান জানিয়েছেন চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন।
চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি শেখ ইয়াছিন নওশাদের উদ্যোগে দুঃস্থ অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠান মোগলটুলী ইয়াকুব টাওয়ারে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। এসময় আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, আবদুল বাতেন, সেলিম খান, আবদুর রহমানসহ বিএনপি নেতৃবৃন্দ ও স্থানীয় এলাকাবাসী।
অনুষ্ঠানে মেয়র ডাঃ শাহাদাত হোসেন বলেন, "রমজান আত্মসংযম ও ইবাদতের মাস। এ মাসে সবার উচিত সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো। দুঃস্থ ও অসহায় মানুষদের সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব। আপনাদের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। এমন মানবিক কার্যক্রম সমাজে ইতিবাচক পরিবর্তন আনে এবং অসহায় মানুষদের মুখে হাসি ফোটায়।"
তিনি আরও বলেন, "একটি সমৃদ্ধ ও মানবিক সমাজ গঠনের জন্য দরিদ্র ও অসহায় মানুষের প্রতি সহানুভূতিশীল হওয়া প্রয়োজন। বিত্তবান ও স্বচ্ছল ব্যক্তিদের এগিয়ে আসতে হবে, যাতে কেউ অভুক্ত না থাকে। চট্টগ্রাম সিটি করপোরেশন সবসময় মানুষের কল্যাণে কাজ করে যাবে এবং এমন জনকল্যাণমূলক উদ্যোগকে সবসময় উৎসাহিত করবে।"