চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য পরিচয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি পেশাবিরোধী ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে ক্লাব কর্তৃপক্ষ। প্রেস ক্লাবের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, অভিযুক্ত ব্যক্তি চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য নন এবং কখনো সদস্য ছিলেনও না।
চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্যসচিব জাহিদুল করিম কচি এক বিবৃতিতে বলেন, ‘১৪ জুন ‘হান্নান রহিম তালুকদার’ নামের একটি ফেসবুক আইডি থেকে একটি পোস্টে দাবি করা হয়, চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানার বহদ্দারহাট এলাকার একটি আবাসিক হোটেলে ‘সাংবাদিক পরিচয়ে তল্লাশি’ চালানো হয়। সেই পোস্টে একজনকে চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য হিসেবে উল্লেখ করা হয়েছে, যা সম্পূর্ণ বিভ্রান্তিকর ও ক্লাবের ভাবমূর্তির প্রতি হানিকর।’
তিনি বলেন, ‘ওই এম হান্নান রহিম তালুকদার চট্টগ্রাম প্রেস ক্লাবের কোনো সময়েরই সদস্য ছিলেন না, বর্তমানে তো ননই। তার এমন মিথ্যা পরিচয় ব্যবহার করে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করা এবং সাংবাদিকতা পেশাকে কলঙ্কিত করা অত্যন্ত দুঃখজনক।’
চট্টগ্রাম প্রেস ক্লাবের বিবৃতিতে বলা হয়, প্রেস ক্লাব সবসময় পেশাদার, নৈতিক ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পক্ষে। প্রেস ক্লাবের নাম ব্যবহার করে কেউ যদি ব্যক্তি বা গোষ্ঠীগত স্বার্থ হাসিলের অপচেষ্টা করে, তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণে কর্তৃপক্ষকে আহ্বান জানানো হবে।
এছাড়া, এমন ভুয়া পরিচয়ধারীদের বিষয়ে গণমাধ্যমকর্মীসহ সর্বসাধারণকে সচেতন থাকার অনুরোধ জানানো হয়েছে প্রেস ক্লাবের পক্ষ থেকে।