বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, চট্টগ্রাম মহানগরীর ভারপ্রাপ্ত আমির ও পরিবেশবিদ মুহাম্মদ নজরুল ইসলাম বলেছেন, ছাত্র-জনতার অভূতপূর্ব বিপ্লবে দেশে রাজনৈতিক পট পরিবর্তন সংঘটিত হয়েছে। সাড়ে ১৫ বছরের স্বৈরশাসনের অবসান হয়েছে। স্বৈরাচার পালিয়ে গেছে। নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে দেশ যখন এগিয়ে যাচ্ছে, তখন নতুন করে একটি দল স্বৈরাচারী কর্মকাণ্ড শুরু করেছে। বাংলাদেশের জনগণ নতুন করে আর কাউকে স্বৈরাচার হয়ে উঠার সুযোগ দিবে না। পতিত স্বৈরাচার ও তার দোসরদের পুনর্বাসনের যেকোনো অপচেষ্টাকে জনগণ বয়কট করবে।
মঙ্গলবার রাতে বাংলাদেশ ইসলামিক একাডেমিতে (বিআইএ) বাংলাদেশ জামায়াতের ইসলামী চট্টগ্রাম মহানগরীর বিশেষ দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, চট্টগ্রাম মহানগরীর সেক্রেটারি ও চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিনের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগরী জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ, ফয়সাল মুহাম্মদ ইউনুস ও মোরশেদুল ইসলাম চৌধুরী, নগর সাংগঠনিক সম্পাদক, সাবেক ওয়ার্ড কাউন্সিলর এবং চট্টগ্রাম-১০ সংসদীয় আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী ও নগর শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগর সভাপতি এস এম লুৎফর রহমান।
উক্ত সমাবেশে আরো উপস্থিত ছিলেন নগর কর্মপরিষদ সদস্য ডা. মুহাম্মদ ছিদ্দিকুর রহমান, আবু হেনা মোস্তফা কামাল, হামেদ হাসান ইলাহী, আমির হোছাইন, ফখরে জাহান সিরাজী সবুজ, অধ্যক্ষ মুহাম্মদ সাইফুল্লাহ প্রমুখ।