ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সময় রাজধানীর চানখারপুলে ছয়জনকে গুলি করে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধ মামলায় গ্রেপ্তার চার আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

আজ সোমবার সকালে কারাগার থেকে প্রিজনভ্যানে করে তাদের আদালতে নেওয়া হয়। অভিযুক্তরা হলেন—ইন্সপেক্টর আরশাদ, কনস্টেবল মো. সুজন, কনস্টেবল ইমাজ হোসেন ইমন এবং কনস্টেবল নাসিরুল ইসলাম।

মামলার প্রধান আসামি সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ আরও চারজন এখনো পলাতক রয়েছেন। তাদের অনুপস্থিতিতে আজ মামলাটির অভিযোগ গঠনের আদেশ দেওয়ার কথা রয়েছে।

এর আগে ৩ জুন পলাতক আসামিদের হাজির হওয়ার নির্দেশনা দিয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ দিয়েছিল ট্রাইব্যুনাল। তারা হলেন—সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার শাহ্ আলম মো. আখতারুল ইসলাম এবং সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুল।

গত ২৫ মে মামলার আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল। অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার শান্তিপূর্ণ আন্দোলনের সময় নিরস্ত্র বিক্ষোভকারীদের ওপর গুলি চালিয়ে হত্যা করা হয় শহীদ শাহরিয়ার খান আনাস, শেখ মাহদি হাসান জুনায়েদ, মো. ইয়াকুব, মো. রাকিব হাওলাদার, মো. ইসমামুল হক ও মানিক মিয়াকে।

এই মামলায় তদন্ত প্রতিবেদন দাখিল করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। ৯০ পৃষ্ঠার ওই প্রতিবেদনে ৭৯ জন সাক্ষীর জবানবন্দি, ১৯টি ভিডিও, ১১টি পত্রিকার রিপোর্ট, ২টি অডিও, ১১টি বই ও প্রতিবেদন এবং ৬টি মৃত্যুসনদ সংযুক্ত করা হয়।

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে এই মামলার বিচার শুরুর দিকে এগোচ্ছে বলে জানাচ্ছেন সংশ্লিষ্টরা।