চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বন্দর থানার অভিযানে পুলিশের ওপর হামলাকারী অস্ত্রধারী কুখ্যাত সন্ত্রাসী মোঃ শাকিল (২৭) ও তার সহযোগী মোঃ আরিফ হোসেন (৩২) কে অস্ত্রসহ গ্রেফতার করা হয়েছে।
আজ রবিবার (১৭ আগস্ট) দুপুরে সিএমপি কনফারেন্স রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান উপ-পুলিশ কমিশনার (বন্দর) মোঃ আমিরুল ইসলাম।
তিনি জানান, গত ১১ আগস্ট রাতে বন্দর থানাধীন ঈশান মিস্ত্রিরহাট খালপাড় এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ব্যানারে ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের একটি মিছিল বের করে সন্ত্রাসী শাকিলের নেতৃত্বাধীন একটি সন্ত্রাসী চক্র। খবর পেয়ে বন্দর থানার অফিসার ঘটনাস্থলে পুলিশ ফোর্স নিয়ে পৌঁছালে সন্ত্রাসীরা অতর্কিতভাবে দেশীয় অস্ত্রসহ পুলিশের ওপর হামলা চালায় এবং কর্তব্য কাজে বাধা প্রদান করে।
এ হামলায় সন্ত্রাসী শাকিল ধারালো কিরিচ দিয়ে এসআই আবু সাঈদ রানাকে মাথা, গলা, হাত ও পেটে গুরুতর জখম করে। এ ঘটনায় বন্দর থানায় দুইটি মামলা দায়ের করা হয়।
মামলার তদন্তে প্রযুক্তির সহায়তায় জানা যায়, প্রধান আসামি শাকিল কন্টেইনারবাহী গাড়িতে করে ঢাকায় পালিয়ে যাচ্ছে। এ তথ্যের ভিত্তিতে বন্দর থানার ওসি আফতাব উদ্দিনের নেতৃত্বে একাধিক চৌকস টিম পতেঙ্গা থানাধীন সী-বিচস্থ আউটার রিং রোড এলাকায় অভিযান চালিয়ে কন্টেইনারবাহী গাড়ির হেলপারের সিট থেকে শাকিলকে গ্রেফতার করে।
পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ঈশান মিস্ত্রিরহাট এলাকার একটি পরিত্যক্ত টিনশেড ঘর থেকে তার সহযোগী মোঃ আরিফ হোসেনকে গ্রেফতার করা হয়। এসময় তার দখল হতে একটি লোহার কিরিচ এবং শাকিলের দেখানো স্থানে লুকানো অবস্থায় একটি দেশীয় তৈরি এলজি এবং তিন রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, সন্ত্রাসী শাকিলের বিরুদ্ধে সিএমপি ও ডিএমপি’র বিভিন্ন থানায় অস্ত্র, হত্যাচেষ্টা, মারামারি, চুরি এবং সন্ত্রাস বিরোধী আইনে মোট ৯টি মামলা রয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত মোট ৩৩ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।