চট্টগ্রাম নগরীর দীর্ঘ ৪০ বছর অবহেলিত সড়ক অবশেষে উন্নয়নের পথে। চসিক মেয়র ডা. শাহাদাৎ হোসেনের আন্তরিক সহযোগিতা ও দৃঢ় মনোভাবের কারণে বহু আকাঙ্ক্ষিত এ উন্নয়ন কাজ শুরু হওয়ায় নতুন করে আশার আলো দেখছে সেকান্দর কলোনি, আকবরশাহ কলোনি, নগরকানন আবাসিক, রহমান কলোনি ও বরইতলা এলাকার বাসিন্দারা।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ১ নম্বর ওয়ার্ড (দক্ষিণ পাহাড়তলী ও হাটহাজারী থানা অন্তর্ভুক্ত) এর এ সড়কটি ঠান্ডাছড়ি থেকে শুরু হয়ে সেকান্দর কলোনি, নগরকানন আবাসিক ও আকবরশাহ মহল্লা হয়ে আকবরশাহ মাজার পর্যন্ত বিস্তৃত। বহুদিন ধরে এ সড়কটির উন্নয়ন কার্যাদেশ দেওয়া হলেও এস আলম গ্রুপের প্রভাবশালী মহল ও তাদের নিয়ন্ত্রিত সন্ত্রাসী বাহিনীর বাধার কারণে কাজ বারবার বন্ধ হয়ে যায়। সর্বশেষ ২০১৮ সালের কার্যাদেশও একই কারণে বাস্তবায়িত হয়নি।
এলাকাবাসীর অভিযোগ, গত ১৬ বছরে এস আলম গ্রুপের প্রভাব ও অত্যাচারে তারা নানাভাবে ভুক্তভোগী হয়েছে। তবে ২০২৪ সালের ৫ আগস্টের পর স্থানীয়দের আবেদন এবং চসিক মেয়র ডা. শাহাদাৎ হোসেনের আন্তরিক সহযোগিতায় আবারও নতুন করে কার্যাদেশ দেওয়া হয়। সব প্রক্রিয়া শেষে চলতি সপ্তাহে একটি প্রতিষ্ঠান আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করেছে।
স্থানীয়রা জানান, উন্নয়ন কাজ শুরু হলেও এখনও এস আলম গ্রুপ নানা ষড়যন্ত্রের মাধ্যমে বাধা দেওয়ার চেষ্টা করছে। তবে মেয়র শাহাদাৎ অন্যায়ের বিরুদ্ধে অবিচল থাকায় তারা সফল হতে পারছে না। এলাকাবাসী উন্নয়নকাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত মেয়রের সহযোগিতা কামনা করেছে।