সারাদেশের ন্যায় চট্টগ্রাম জেলাতেও আগামী ১২ অক্টোবর থেকে শুরু হচ্ছে ‘জাতীয় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন (টিসিভি)-২০২৫’। এই ক্যাম্পেইন চলবে দুই ধাপে—প্রথম ধাপে ১২ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত (১০ কর্মদিবস) জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও স্থায়ী টিকাদান কেন্দ্রে এবং দ্বিতীয় ধাপে ১ থেকে ১৩ নভেম্বর পর্যন্ত (৮ কর্মদিবস) স্থায়ী ও অস্থায়ী টিকাদান কেন্দ্রে।

আজ বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম এ তথ্য জানান।

তিনি জানান, চট্টগ্রামের ১৫টি উপজেলায় একযোগে এই মাসব্যাপী ক্যাম্পেইনের আওতায় প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণি পর্যন্ত বিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের এবং শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে থাকা ৯ মাস থেকে ১৫ বছর বয়সী সব শিশু ও কিশোরদের এক ডোজ টাইফয়েড টিকা প্রদান করা হবে।

সংখ্যাগতভাবে এই ক্যাম্পেইনের আওতায়:

মোট লক্ষ্যমাত্রাভুক্ত শিশুর সংখ্যা: ১৬,৩২,০৪১ জন

শিক্ষাপ্রতিষ্ঠানে পড়ুয়া শিশু: ১১,৩৪,০৭১ জন

কমিউনিটি পর্যায়ে (বিদ্যালয়ের বাইরে) শিশু: ৪,৯৭,৯৭০ জন

মাদ্রাসার সংখ্যা: প্রায় ২,৫৩৬টি (লক্ষ্যমাত্রা: ৩,৩৪,০৭১ শিশু)

ইংরেজি মাধ্যম স্কুল: ২২টি

অংশগ্রহণকারী প্রশিক্ষিত ভ্যাকসিনেটর: ১,২১৫ জন

সেচ্ছাসেবক: ১,৮০০ জন

১ম সারির পরিদর্শক: ৬০০ জন

২য় সারির পরিদর্শক: ৬০ জন

অনলাইন রেজিস্ট্রেশন সম্পন্ন: ৯,৯২,০৮১ জন (৮ অক্টোবর পর্যন্ত), যা লক্ষ্যমাত্রার ৬১%।
রেজিস্ট্রেশনে শীর্ষে রয়েছে রাউজান উপজেলা (৭৬%)।


এ সময় সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডা. তৌহিদুল আনোয়ার, সিভিল সার্জন কার্যালয়ের এমওডিসি ডা. মোঃ নুরুল হায়দার, বিশ্ব স্বাস্থ্য সংস্থার এসআইএমও ডা. এফ.এম জাহিদুল ইসলাম এবং কর্ণফুলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. শাহাদাত হোসেন।

চট্টগ্রাম জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে সকল অভিভাবক ও শিক্ষা প্রতিষ্ঠানকে সময়মতো টিকাদান কেন্দ্রে শিশুদের নিয়ে এসে ক্যাম্পেইন সফল করতে সহযোগিতার আহ্বান জানানো হয়েছে।