পতিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার রায় ঘোষণার আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট মো. তাজুল ইসলাম এবং কয়েকজন প্রসিকিউটরকে হত্যার হুমকি ও গালিগালাজ করা হয়েছে। গতকাল রোববার (১৬ নভেম্বর) সন্ধ্যার পর থেকে রাত পর্যন্ত ভারতীয় ফোন নম্বর ব্যবহার করে এই হুমকি দেওয়া হয়েছে।

আজ সোমবার (১৭ নভেম্বর) সকালে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম সকালের চট্টগ্রামকে  বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “গতকাল সন্ধ্যার পর থেকে বিভিন্ন অপরিচিত নম্বর থেকে ফোন এসেছে, যার বেশিরভাগই ভারতীয় নম্বর।”

প্রসিকিউটর তারেক আব্দুল্লাহ বলেন, “আমাকে ফোন দিয়ে গালিগালাজ ও হুমকি দেওয়া হয়েছে। সন্ধ্যা থেকে রাত পর্যন্ত একাধিকবার ফোন করে এই আচরণ করা হয়েছে।” একই কথা জানান প্রসিকিউটর সুলতান মাহমুদ। তারা জানান, হুমকিগুলো প্রায়ই দেওয়া হয়েছে এবং ভাষা ছিল একরকম—“শেখ হাসিনাকে ফাঁসি দিলে কাউকে বাঁচানো হবে না। নেত্রীর সাজা হলে তোমাদের জীবন শেষ করে দেওয়া হবে।”

হুমকির প্রসঙ্গে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, “ভীরু, কাপুরুষ ও গণহত্যাকারীদের ভাষা এমনই হয়। এগুলোকে গুরুত্ব দেওয়ার কিছু নেই।”
আজ বেলা ১১টায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ জুলাই মাসে গণহত্যার দায়ে পলাতক পতিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের মামলার রায় ঘোষণা হবে।