চট্টগ্রামের সিটি ব্যাংক পিএলসির আগ্রাবাদ কর্পোরেট ডিভিশনে প্রায় ১১ কোটি ৮৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগে চারজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
চট্টগ্রাম জেলা দুদকের সহকারী পরিচালক সুবেল আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। এজাহার অনুযায়ী, ব্যাংকের সিনিয়র কর্মকর্তা মো. সাইফুল ইসলামসহ চারজন পরস্পরের যোগসাজশে ফোর এইচ গ্রুপের বিভিন্ন ব্যাংক হিসাব থেকে জালিয়াতির মাধ্যমে অর্থ আত্মসাৎ করেন।
দুদকের প্রাথমিক তদন্তে জানা গেছে, আসামিরা জাল কাগজপত্র ব্যবহার করে বিভিন্ন এফডিআর ও ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে অর্থ নিজেদের ও স্বজনদের হিসাবে স্থানান্তর করেন। ২০২৩ সালের ২৩ জানুয়ারি থেকে ২০২৬ সালের ২৯ জানুয়ারি পর্যন্ত সময়ে এ অনিয়ম সংঘটিত হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে। আত্মসাতের পরিমাণ প্রাথমিকভাবে ১১ কোটি ৮৪ লাখ ১০ হাজার ৯০০ টাকা হলেও তদন্ত চলমান থাকায় এ অঙ্ক আরও বাড়তে পারে।
দুদক জানিয়েছে, আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধি ১৮৬০-এর সংশ্লিষ্ট ধারা ও দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় মামলা দায়ের করা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।