1. সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য (এমপি) নির্বাচন প্রক্রিয়ায় নতুন ধারা তৈরি করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এবার দলটি যে পদ্ধতিতে প্রার্থী বাছাই করছে, তা রাজনৈতিক মহলে প্রশংসিত হচ্ছে ‘স্বচ্ছ ও যোগ্যতাভিত্তিক’ উদ্যোগ হিসেবে।
  2. দলীয় সূত্রে জানা গেছে, এবার মনোনয়ন প্রক্রিয়াটি সম্পূর্ণ উন্মুক্ত রাখা হয়। ফলে কলেজপড়ুয়া নারী ছাত্রদল কর্মী থেকে শুরু করে অরাজনৈতিক বা দলের শুভাকাঙ্ক্ষী নারীরাও মনোনয়ন ফরম সংগ্রহের সুযোগ পান। এতে অংশগ্রহণের পরিধি যেমন বেড়েছে, তেমনি তৈরি হয়েছে প্রতিযোগিতামূলক পরিবেশ।
  3. প্রক্রিয়ার দ্বিতীয় ধাপে আসে প্রথম ফিল্টার। মনোনয়ন জমা দেওয়ার সময় জামানতের পরিমাণ বাড়িয়ে দেওয়া হয়, যাতে শুধুমাত্র আগ্রহী ও সিরিয়াস প্রার্থীরাই পরবর্তী ধাপে এগিয়ে যান। এর সঙ্গে বাধ্যতামূলক করা হয় জীবনবৃত্তান্ত (সিভি) জমা।
  4. এছাড়া প্রার্থীদের ব্যক্তিগত ও পারিবারিক আর্থিক অবস্থা, ব্যবসায়িক ঋণ, ফৌজদারি মামলা সংক্রান্ত তথ্যসহ বিস্তারিত বিবরণ দিতে বলা হয়। এসব তথ্য যাচাইয়ের মাধ্যমে আরও একটি গুরুত্বপূর্ণ বাছাই সম্পন্ন করা হয়।
  5. সব ধাপ পেরিয়ে যোগ্য বিবেচিত প্রার্থীদের ডাকা হয় ভাইভার জন্য। এ ধাপে দুই দিনে প্রায় সাড়ে ৯০০ নারী প্রার্থী মনোনয়ন বোর্ডের মুখোমুখি হন। বোর্ডের নেতৃত্ব দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। শুক্রবার ও শনিবার দুপুর থেকে মধ্যরাত পর্যন্ত চলে এই ম্যারাথন সাক্ষাৎকার কার্যক্রম।
  6. ভাইভায় প্রার্থীদের যেসব প্রশ্ন করা হয়:
  7. কবে থেকে দলের রাজনীতির সঙ্গে যুক্ত?
  8. বর্তমানে কোন পর্যায়ে কাজ করছেন?
  9. গত সাড়ে ১৫ বছরে দলের জন্য কী অবদান রেখেছেন?
  10. কেন নিজেকে এমপি হিসেবে যোগ্য মনে করেন?
  11. সংসদে গেলে দেশের জন্য কী ভূমিকা রাখবেন?
  12. মনোনয়ন ফরমের তথ্য যাচাই, সিভি মূল্যায়ন, বিগত সময়ের রাজনৈতিক ভূমিকা এবং ভাইভার পারফরম্যান্স সবকিছু বিবেচনা করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে।
  13. যদিও বিশেষ কিছু ক্ষেত্রে ব্যতিক্রম থাকতে পারে, তবে সামগ্রিকভাবে গৎবাঁধা ‘পছন্দসই প্রার্থী’ নির্বাচনের ধারা থেকে বেরিয়ে এসে একটি অংশগ্রহণমূলক ও গণতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণের চেষ্টা স্পষ্ট।
  14. রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই উদ্যোগের মাধ্যমে ত্যাগী ও নিবেদিতপ্রাণ নারী কর্মীদের মূল্যায়ন নিশ্চিত হলে ভবিষ্যতে শক্তিশালী নারী নেতৃত্ব গড়ে উঠবে যা দেশের রাজনীতির জন্য ইতিবাচক বার্তা বহন করে।