1. ঢাকার পুঁজিবাজারে নীরব কিন্তু তাৎপর্যপূর্ণ এক প্রবণতা চোখে পড়ছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ-এর ব্লক মার্কেটে ধারাবাহিকভাবে শেয়ার কিনে নিচ্ছে এক বা একাধিক অজ্ঞাত ক্রেতা আর সেই কেন্দ্রবিন্দুতে রয়েছে আল-আরাফাহ ইসলামী ব্যাংক।
  2. বাজার সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, প্রতিদিন নিয়ম করে একই ধাঁচে এই ব্যাংকের শেয়ার সংগ্রহ করা হচ্ছে। নিঃশব্দে, ধীরে ধীরে বড় অংশ দখলের ইঙ্গিত দিচ্ছে এই কার্যক্রম। শুধু আজ রোববারেই ব্লক মার্কেটে প্রায় ২৫ লাখ শেয়ার কিনে নেওয়া হয়েছে। বিশ্লেষকরা বলছেন, এটি কোনো সাধারণ বিনিয়োগ নয় বরং পরিকল্পিত শেয়ার অধিগ্রহণের আভাস।
  3. গত সপ্তাহেও ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে আল-আরাফাহ ইসলামী ব্যাংকের শেয়ার। মোট লেনদেনের পরিমাণ ছিল প্রায় ১৬ কোটি ৫০ লাখ টাকা। লেনদেনের ধরন বিশ্লেষণ করে দেখা গেছে, মূল ক্রেতা একজনই, মাঝে মাঝে দুই-একজন যুক্ত হলেও মূল নিয়ন্ত্রণ একক হাতেই কেন্দ্রীভূত।
  4. পুঁজিবাজার বিশ্লেষকদের মতে, এই ধরনের ব্লক ট্রেড সাধারণত বড় কোনো করপোরেট বা প্রভাবশালী বিনিয়োগকারীর আগ্রহের ইঙ্গিত বহন করে। তবে ক্রেতার পরিচয় এখনো স্পষ্ট নয়, যা বাজারে কৌতূহল ও শঙ্কা দুই-ই বাড়াচ্ছে।
  5. উল্লেখ্য, দীর্ঘ প্রায় ১৫ বছর ধরে ব্যাংকটি এস আলম ও কেডিএস গ্রুপের প্রভাবাধীন ছিল, যা ঘটেছিল তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের ছত্রছায়ায়। তবে ২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর সেই প্রভাব কমে আসে এবং ব্যাংকটির পরিচালনা কাঠামোতে আসে পরিবর্তন। বর্তমানে স্বতন্ত্র পরিচালকদের নেতৃত্বে ব্যাংকটি নতুনভাবে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে।
  6. এমন পরিস্থিতিতে হঠাৎ করে এই নীরব শেয়ার ক্রয়ের প্রবণতা নতুন করে প্রশ্ন তুলছে পর্দার আড়ালে কি আবার কোনো নতুন গোষ্ঠী প্রভাব বিস্তারের প্রস্তুতি নিচ্ছে?
  7. বাজার সংশ্লিষ্টদের ভাষায়, “এটা শুধুই বিনিয়োগ নয়, বরং ভবিষ্যৎ নিয়ন্ত্রণের ইঙ্গিত হতে পারে।”
  8.  এখন দেখার বিষয়,এই নীরব ক্রেতার পরিচয় কবে প্রকাশ পায় এবং তার প্রভাব কতদূর গড়ায়।