- পিকআপ ও জিপসহ পুলিশের ব্যবহৃত বিভিন্ন যানবাহনে নাশকতার আশঙ্কায় দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে পুলিশ সদর দপ্তর। দুষ্কৃতিকারী বা উগ্রবাদী সংগঠনের সদস্য পুলিশের পিকআপ, জিপ ও বাসসহ বিভিন্ন যানবাহনে হামলা করতে পারে, গোয়েন্দা সংস্থার এমন তথ্যের ভিত্তিতে এই সতর্কতা জারি করা হয়েছে। সেই সঙ্গে মাঠপর্যায়ের সব ইউনিটকে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের নির্দেশ দেয়া হয়েছে।
- শনিবার (১ আগস্ট) পুলিশ সদর দপ্তরের অপারেশন্স কন্ট্রোল শাখা এক বার্তায় এই নির্দেশনা দেয়া হয়। বিষয়টি অতি জরুরি বলেও এতে উল্লেখ করা হয়েছে।
- পুলিশের মাঠপর্যায়ের সব ইউনিটের বিশেষ দৃষ্টি আকর্ষণ করে সতর্কবার্তায় বলা হয়, উগ্রবাদী সংগঠনের সদস্য বা দুষ্কৃতিকারী কর্তৃক পুলিশের ব্যবহৃত যানবাহন (জিপ/পিকআপ/বাস ইত্যাদি) আক্রান্ত হতে পারে মর্মে জানা যায়। এই অবস্থায় সম্ভাব্য নাশকতা প্রতিরোধে সংশ্লিষ্টদের দু’টি নির্দেশনা দেয়া হয়েছে। এগুলো হলো-
- ১) ডিউটিরত কোনো যানবাহন সাময়িক বিরতিতে রাখলে অবশ্যই যথাসম্ভব নিরাপদ স্থানে পার্ক করতে হবে এবং পুলিশের নজরদারির মধ্যে রাখতে হবে। Unattended (অবহেলায় বা সঙ্গিহীন) অবস্থায় রাখা যাবে না।
- ২) ডিউটি শেষে থানা বা অফিস কম্পাউন্ড, পুলিশ লাইন্সে Parked (পার্কিং করা) গাড়িগুলোর নিরাপত্তাও অনুরূপভাবে জোরদার করতে হবে।
দেশজুড়ে পুলিশের জরুরি সতর্কতা জারী