চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নারী শিক্ষার্থীকে হেনস্তা ও যৌন নিপীড়নের অভিযোগে চট্টগ্রামের হাটহাজারি সরকারি কলেজের দুই শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিল করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। সোমবার (২৫ জুলাই) রাতে নগর অফিসে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মশিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত জরুরি সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

বহিষ্কৃতরা হলো— চট্টগ্রামের হাটহাজারি সরকারি কলেজের সমাজবিজ্ঞান বিভাগের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের মোহাম্মদ নূর হোসেন শাওন ও ডিগ্রি (পাস) ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের মোহাম্মদ আব্দুল মান্নান।

সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী, দুই শিক্ষার্থীর ছাত্রত্ব সাময়িক বাতিল করা হয়। কেন তাদের স্থায়ীভাবে ছাত্রত্ব বাতিল করা হবে না  মর্মে কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়েছে। আগামী ১০ দিনের মধ্যে ওই নোটিশের জবাব দিতে বলা হয়েছে।


বৈঠকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক ছাত্রীকে হেনস্তা ও যৌন নিপীড়নের ঘটনাকে ন্যক্কারজনক বলে উল্লেখ করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে নৈতিকতা চর্চা এবং মূল্যবোধের অবক্ষয় রোধে কাউন্সেলিং করানোর বিষয়েও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত হয়।