দীর্ঘদিন বন্ধ থাকার পর ফের চালু হচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের অনলাইনে বদলি কার্যক্রম। বুধবার (২৭ জুলাই) সকাল ১১টায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন।অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আমিনুল ইসলাম খান ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মহিবুর রহমান।

মঙ্গলবার (২৬ জুলাই) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

মন্ত্রণালয় জানায়, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলি প্রক্রিয়াকে সহজ ও হয়রানিমুক্ত করতে এবং শিক্ষকদেরকে যাতে কোথাও ধর্না দিতে না হয়, সেজন্য অনলাইনে শিক্ষক বদলির কার্যক্রম গ্রহণ করা হয়। কিন্তু, করোনা পরিস্থিতির কারণে তা বাস্তবায়ন কিছুটা বিলম্ব হয়। গত ৩০ জুন গাজীপুরের কালিয়াকৈরে অনলাইনে বদলির পাইলটিং কার্যক্রমের উদ্বোধন করেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক। ১৫ জুলাই পর্যন্ত যেসব শিক্ষক আবেদন করেছেন তাদেরকে বদলি করা হবে। পাইলটিং কার্যক্রম শেষ হলে সারা দেশে সহকারী শিক্ষকদের অনলাইনে বদলি শুরু হবে।