কক্সবাজার প্রতিনিধি
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ বলেছেন, সুন্দরবনের ৪০০ বছরের পুরনো সমস্যার সমাধান করেছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা। প্রধানমন্ত্রীর নির্দেশে অপারেশন শুরুর পর গত ২০১৮ সালে সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করা হয়। দস্যুমুক্ত হওয়ায় সুন্দরবনের ওপর নির্ভরশীল মানুষ সুফল ভোগ করছে। আগের তুলনায় এখানে বাঘ, হরিণসহ প্রাণীর সংখ্যাও বেড়েছে।
শুক্রবার (২৯ জুলাই) রাতে কক্সবাজার সৈকতের লাবণী পয়েন্টে সুন্দরবনে র্যাবের দুঃসাহসিক অভিযান নিয়ে বাংলাদেশে প্রথম ওয়াইল্ড লাইফ অ্যাকশন থ্রিলার মুভি ‘অপারেশন সুন্দরবন’ এর ট্রেইলার উন্মোচনকালে তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, র্যাবের সদস্যরা দেশকে ভালোবেসে আত্মাহুতি দিয়েছেন। শত শত সদস্য আহত হয়েছেন। কারও হাত উড়ে গেছে, কারও পা। কখনও পরিবার ও সন্তানের কথা চিন্তা করেননি তারা, দায়িত্ব থেকে পিছিয়ে পড়েননি। তবে সিনেমার চেয়েও র্যাবের অভিযান অনেক বেশি সিনেম্যাটিক, দুঃসাহসিক।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন র্যাবের মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।
র্যাব ওয়েলফেয়ার কো-অপারেটিভ লিমিটেডের প্রযোজনায় রোমাঞ্চকর এই সিনেমাটি পরিচালনা করেছেন দীপংকর দীপন। এতে অভিনয় করেছেন রিয়াজ, সিয়াম আহমেদ, নুসরাত ফারিয়া, রাইসুল আহমেদ আসাদ, রোশান, দর্শনাসহ অনেকেই। বিশ্ব ঐতিহ্য ও সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনভূমি সুন্দরবনকে জলদস্যু ও বনদস্যুমুক্ত করার প্রেক্ষাপট নিয়ে এটি তৈরি হয়েছে।
অনুষ্ঠানে লাইভ পারফর্ম করেন সিনেমার অভিনয় শিল্পীরা। এটি ঈদুল আজহায় মুক্তির ঘোষণা এসেছিল। তবে ঈদে সিনেমাটি মুক্তি দেওয়া হয়নি।