চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে আজ সোমবার নগরীতে মোবাইল কোর্ট পরিচালিত হয়। চসিক নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী নগরীর সুগন্ধা আবাসিক এলাকার বিভিন্ন ভবনের ছাদ বাগান ও জামাল খান রোডের বিভিন্ন ভবনের ডেঙ্গু রোগ প্রতিরোধের লক্ষ্যে এডিস মশার বংশ বিস্তার রোধে অভিযান পরিচালনা করা হয়। এই সময় সুগন্ধা আবাসিক এলাকার তিনটি বাড়ীর ছাদ বাগানে জমাটবদ্ধ পানির উৎস পাওয়ায় ভবন মালিকদের বিরুদ্ধে মামলা রুজু পূর্বক ২৫ হাজার টাকা ও জামালখান সানমান স্প্রিং গার্ডেনের বেইসমেন্ট ফ্লোরে এডিস মশার বংশ বিস্তারে জমাটবদ্ধ পানির উৎস পাওয়ায় ভবন মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে অংশ নেন সিটি মেয়রের একান্ত সচিব ও প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মুহাম্মদ আবুল হাশেম।
স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজন পরিচারিত অপর অভিযানে নন্দনকানন ২নং গলি এলাকায় ডেঙ্গু রোগ প্রতিরোধে বিভিন্ন বাড়ীর ছাদ বাগান পরিদর্শন করা হয়। এই সময় ছয়টি বাড়ীর ছাদ বাগানের টপে এডিস মশা বংশ বিস্তারে জমাটবদ্ধ পানির উৎস পাওয়ায় উক্ত ভবন মালিকের বিরুদ্ধে মামলা রুজু পূর্বক ১১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানকালে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ম্যাজিস্ট্রেটকে সহায়তা প্রদান করেন।