কে বলেছে কিলিয়ান এমবাপ্পে মেসি-নেইমারকে পাস দেন না! তাঁদের দিয়ে গোল করাতে চান না! পার্ক দে প্রিন্সেসে আজকের ম্যাচে তো ঠিকই দিলেন, গোলও করালেন। মার্শেইয়ের বিপক্ষে ঘরের মাঠে ম্যাচটা পিএসজিও জিতল এমবাপ্পের পাস থেকে নেইমারের করা একমাত্র গোলেই। আর তাতে লিগ আঁ-র একমাত্র দল হিসেবে এই মৌসুমে অপরাজিত থাকার রেকর্ডটা ধরে রাখল পিএসজি।

১১ ম্যাচ শেষে ৯ জয় ও ২ ড্র সহ ২৯ পয়েন্ট নিয়ে যথারীতি লিগের পয়েন্ট তালিকার শীর্ষস্থানটা ধরে রেখেছে পিএসজি। সমান ম্যাচে ৭ জয়, ২ ড্র ও ২ হারে ২৩ পয়েন্ট নিয়ে মার্শেই আছে ৪ নম্বরে।  

সব প্রতিযোগিতা মিলে অবশ্য তিন ম্যাচ পর জয়ের দেখা পেয়েছে পিএসজি। চ্যাম্পিয়নস লিগে বেনফিকার সঙ্গে দুটি ম্যাচেই ১-১ ড্র করার মাঝে লিগে রেঁসের মাঠে গোলশূন্য ড্র করেছিল ক্রিস্তফ গালতিয়েরের দল।