ফুটবল বিশ্বকাপের বাকি ৩২ দিন, বেড়েছে পতাকা বিক্রি
২০ নভেম্বর থেকে কাতারে বিশ্বকাপ ফুটবলের আসর বসতে যাচ্ছে। বিশ্বকাপ শুরুর দিন যত এগিয়ে আসছে বাড়ছে উত্তেজনা। ফুটবলপ্রেমীরা শুরু করে দিয়েছেন দিনগণনা। বিশ্বের সঙ্গে এ রোমাঞ্চের জন্য অধীর আগ্রহে রয়েছেন বাংলাদেশি সমর্থকরাও। তারই অংশ হিসেবে বাড়ছে বিশ্বকাপে অংশগ্রহণকারী দেশগুলোর পতাকা বিক্রি। 

 অনেক ভ্রাম্যমাণ ব্যবসায়ী পেশা বদলে ফেরি করে পতাকা বিক্রি করছেন। তারা ফুটপাতে দাঁড়িয়ে কিংবা পথে হেঁটে লাঠিতে পতাকা বেঁধে বিক্রি করছেন। বাংলাদেশে আর্জেন্টিনা ও ব্রাজিল ফুটবল দলের সমর্থক বেশি থাকায় এই দুই দেশের পতাকা বিক্রি হয় বেশি। এ ছাড়াও গত কয়েক বছর জার্মানি, স্পেন ও পর্তুগাল ও ফ্রান্সের সমর্থক বেড়েছে। তাই এসব দেশের পতাকাও কমবেশি বিক্রি হচ্ছে। এদিকে পতাকার পাশাপাশি চাহিদা অনুযায়ী বিভিন্ন ধরনের জার্সি ও ব্যাজ বানানোর কাজে ব্যস্ত সময় পার করছেন কারিগররা। 


 বিভিন্ন এলাকায় ঘুরে পতাকা বিক্রি করছেন চট্টগ্রামের রাউজান উপজেলার আক্তার হোসেন। কথাপ্রসঙ্গে জানালেন গত ৪ দিনে ৭ হাজার টাকার পতাকা বিক্রি করেছেন। আক্তার হোসেন এর ধারণা বিশ্বকাপের আগে প্রায় লাখ টাকার পতাকা তিনি বিক্রি করতে পারবেন। 

আক্তার হোসেন জানান তার বাবাও পতাকা বিক্রেতা। সকালে পতাকা কিনে বাবা-ছেলে পতাকা নিয়ে বের হন। কাঠি পতাকা ১০ টাকা করে বিক্রি করেন। এ ছাড়া ৫ ফুট দৌর্ঘ্যের পতাকা ২০০ টাকা ও সাড়ে ৩ ফুট দৌর্ঘ্যের পতাকা বিক্রি হয় ১৫০ টাকায়। 

বাসা-বাড়ির ছাদ কিংবা দোকানঘরে ওড়ানোর জন্য পছন্দের দেশের পতাকা সংগ্রহ করছেন ফুটবলপ্রেমীরা। ধারণা করা হচ্ছে আগামী ১৫ দিনের মধ্যে পুরোপুরি শুরু হবে বিশ্বকাপের আমেজ। পতাকার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম, চায়ের দোকান থেকে বাড়ির উঠোনে যুক্তিতর্কে মেতে উঠবেন ফুটবলপ্রেমীরা।