বর্ণাঢ্য আয়োজনে বেসরকারী উন্নয়ন সংস্থা মমতা’র ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী ১লা জানুয়ারী ২০২৩ রবিবার অনুষ্ঠিত। এ উপলক্ষ্যে মমতা খতমে কোরআন ও দোয়া মাহফিল এতিম খানায় খাবার বিতরণ, শারিরীকভাবে প্রতিবন্ধীদের জন্য বিনামূল্যে হুইল চেয়ার, অস্বচ্ছল ও সুবিধাবঞ্চিত নারী উদ্যোক্তাদের সেলাই মেশিন বিতরণ, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়। মমতা’র কার্যকরী পরিষদের সভাপতি মো. জাহাঙ্গীর আলম যোসেফ এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী। অনুষ্ঠানের উদ্বোধন করেন একুশে পদক প্রাপ্ত দৈনিক আজাদীর সম্পাদক এম.এ মালেক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ২৪ নং উত্তর আগ্রাবাদ এর ওয়ার্ড কাউন্সিলর নাজমুল হক ডিউক, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক প্রাক্তন লায়ন্স জেলা গভর্ণর মনজুর আলম মঞ্জু ও বাংলাদেশ সিমেন্ট আয়রন মার্চেন্ট এসোসিয়েশন এর সভাপতি আশফাক আহমেদ। নগরীর হালিশহরস্থ মমতা অডিটরিয়ামে বিকেল ৩ টায় বর্ণাঢ্য অনুষ্ঠানটি শুরু হয়। মমতা’র প্রধান নির্বাহী রফিক আহামদ এর সার্বিক তত্ত¡াবধানে অনুষ্ঠানটি পরিচালিত হয়। কোরআন তেলওয়াতের পর অতিথিদের উত্তরীয় পরিধানের মাধ্যমে বরণ করা হয়। স্বাগত বক্তব্য রাখেন মমতা’র উপ-প্রধান নির্বাহী মো. ফারুক। মমতা’র সার্বিক বিষয়ে উপস্থাপনা করেন পরিচালক তৌহিদ আহমেদ। এছাড়াও ৪০ বছর পূর্তি উপলক্ষ্যে মমতার প্রকাশনা ‘স্মরনিকা’র মোড়ক উন্মোচন করেন অতিথিবৃন্দ। ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভায় বক্তব্য রাখেন নাসিমা আক্তার রুমী, মোহাম্মদ শাহারিয়ার, স্বপ্না তালুকদার প্রমুখ।
অনুষ্ঠানের উদ্বোধক এম এ মালেক বলেন, ‘মানুষ বেঁচে থাকে তার কর্মের মধ্য দিয়ে। কর্মের গুনেই একজন মানুষ প্রকৃত গুনান্বিত হয়ে থাকেন সেই কাজটি সঠিকভাবে করে যাচ্ছেন মমতা’র প্রধান নির্বাহী রফিক আহামদ। তার নেতৃত্বে মমতা আজ দেশের মধ্যে সুপ্রতিষ্ঠিত সংস্থা হিসেবে সুপরিচিত পেয়েছে যার ফলে মিলেছে একাধিক রাষ্ট্রীয় স্বীকৃতি। আশা করি মমতা মানবকল্যানমূখী কাজ অব্যহত রেখে সমাজের অবহেলিত মানুষের মুখে হাসি ফোটানোর কাজ চালিয়ে যাবে।’
প্রধান অতিথির বক্তব্য চসিক মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেন, ‘বরেণ্য সমাজসেবক রফিক আহামদ এর নেতৃত্বে মা ও শিশু স্বাস্থ্য সেবা, উদ্যোক্তা সৃষ্টি, নারী ও শিশ নির্যাতন প্রতিরোধসহ আর্থ-সামাজিক উন্নয়নে মমতা বেসরকারী উন্নয়ন সংগঠন হিসেবে ‘ব্রান্ড’ হিসেবে সুপরিচিতি পেয়েছে। মমতা’র বিভিন্ন কার্যক্রম সরকারের সহায়ক শক্তি হিসেবে কাজ করছে। যার ফলে সংস্থাটি রেকর্ডসংখ্যক রাষ্ট্রীয় পুরষ্কারে ভূষিত হয়েছে। আমি আশা করি মমতা এ ধারা অব্যহত রেখে কাজ করে যাবে।’  এর জন্য সিটি কর্পোরেশনের পক্ষ হতে সর্বাত্মক সহযোগিতার আশ^াস প্রদান করেন তিনি।