চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেন, শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করতে গিয়ে শিক্ষক এবং শিক্ষার্থীদের মধ্যে সু-সম্পর্ক তৈরী করতে হবে। শিক্ষক সমাজকে অভিভাবকের দায়িত্ব নিয়ে শিক্ষার্থীদের গড়ে তুলতে না পারলে প্রকৃত শিক্ষা থেকে শিক্ষার্থীরা বঞ্চিত হবে। তিনি চসিক পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে
সঠিকভাবে পরিচালনা করতে শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা পরিষদকে অগ্রণী ভূমিকা রাখার আহবান জানান। আজ মঙ্গলবার সকালে টাইগারপাসস্থ নগর ভবনের মেয়র দপ্তরে সরাইপাড়া সিটি কর্পোরেশন কলেজের গভর্নিং বডির সভায় সভাপতির বক্তব্য রাখতে গিয়ে তিনি এ আহবান জানান।
সভায় আরো বক্তব্য রাখেন কলেজের প্রতিষ্ঠাতা সদস্য কাউন্সিলর আলহাজ্ব মো. নুরুল আমিন, প্রধান শিক্ষা কর্মকর্তা লুৎফুন নাহার, কলেজ পরিচালনা কমিটির সদস্য মো. আবু রাশেদ প্রমুখ।
মেয়র আরো বলেন, সারা দেশের মধ্যে একমাত্র চট্টগ্রাম সিটি কর্পোরেশন নিদিষ্ট কর্মকান্ডে বাইরে অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্য কেন্দ্র ও মাতৃসদন হাসপাতাল নিজস্ব অর্থে পরিচালনা করে যাচ্ছে। শুধুমাত্র শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করতে গিয়ে চসিককে বছরে প্রায় ৫০ কোটি টাকার ভূর্তুকি দিতে হয়। এই বিষয়টিকে বিবেচনায় নিয়ে শিক্ষার মান-উন্নয়নে শিক্ষকদের ভূমিকা রাখার উপর গুরুত্বারোপ করেন।