নিষিদ্ধ পাকিস্তানি সাবান বিক্রি, তিন দোকানকে জরিমানা
চট্টগ্রাম নগরের আমতল এলাকার বাহার মার্কেটে যৌথ অভিযান পরিচালনা করেছে বিএসটিআই এবং জেলা প্রশাসন। অভিযানে দেশে নিষিদ্ধ এমন কিছু পাকিস্তানি সাবান বিক্রি ও অন্যান্য মালামালের উৎপাদন এবং মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকায় তিন দোকান মালিককে ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।
বুধবার (১ ফেব্রুয়ারি) বিকেলে অভিযান চালিয়ে এ জরিমানা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত। এসময় বিএসটিআইয়ের কর্মকর্তারাও সঙ্গে ছিলেন।
অভিযানে তিনটি দোকান থেকে প্রায় লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ করা হয়। জব্দকৃত মালামালের মধ্যে শ্যাম্পু, সাবান, বেবী লোশন এবং শিশু খাদ্যের গায়ে ছিল না কোন উৎপাদনকারীর নাম, মূল্য, উৎপাদনের তারিখ এবং মেয়াদোত্তীর্ণের তারিখ।
এছাড়া মানবদেহের জন্য ক্ষতিকারক হাইড্রোকুইননের উপস্থিতি এবং বাংলাদেশে নিষিদ্ধ এমন কিছু পাকিস্তানি সাবান জব্দ করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত বলেন, তিনটি দোকান থেকে প্রায় লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ করা হয়েছে। এগুলোর বেশীর ভাগই বিদেশ থেকে অবৈধ পথে শুল্ক ফাঁকি দিয়ে নিয়ে আসা হয়েছে। এসময় কাজী স্টোরকে ৮০ হাজার টাকা, বশর ট্রেডিংকে ৩০ হাজার টাকা এবং ইমারত ট্রেডার্স নামে একটি দোকানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।