চট্টগ্রামে প্রগতিশীল আন্দোলনের সংগঠক প্রয়াত উজ্জ্বল শিকদারের ১ম মৃত্যুবার্ষিকীর স্মরণ সভায় বক্তারা বলেছেন, শোষণ-বৈষম্যহীন ও অসাম্প্রদায়িক সমাজ গড়ার সংগ্রামে অগ্রসৈনিক ছিলেন উজ্জ্বল শিকদার। চট্টগ্রামের তৃণমূল থেকে উঠে আসা একজন মাটির মানুষ। নষ্ট স্রোতের বিপরীতে প্রগতিশীল আন্দোলনের নিষ্ঠাবান সম্ভাবনাময় সংগঠক ছিলেন তিনি। আমৃত্যু তিনি অসম্প্রদায়িক, গণতান্ত্রিক, সমাজতান্ত্রিক আদর্শের প্রতি নিষ্ঠা এবং আদর্শ বিস্তারের জন্য নিরলস পরিশ্রম করে গেছেন। উজ্জ্বলের সাথে সকল শ্রেণি-পেশার মানুষের ছিল নিবিড় সম্পর্ক। সারাজীবন সাম্যের স্বপ্ন বুকে নিয়ে কাজ করেছেন। উজ্জ্বল শিকদার আমাদের শোষণমুক্ত সমাজ গড়ার লড়াই-সংগ্রামে বেঁচে থাকবেন।
গতকাল শুক্রবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে চট্টগ্রাম নগরীর নন্দনকাননের ফুলকির এ.কে খান মিলনায়তনে যুব ইউনিয়নের উদ্যোগে আয়োজিত স্মরণ সভায় বক্তারা এসব কথা বলেন। কমরেড উজ্জল শিকদার স্মরণসভা পরিষদের ব্যাণারে এই স্মরণসভা অনুষ্ঠিত হয়। উজ্জ্বল শিকদার বাংলাদেশ যুব ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সদস্য ও চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক ছিলেন। এছাড়া তিনি কমিউনিস্ট পার্টি চট্টগ্রামের কোতোয়ালী থানা কমিটির সাধারণ সম্পাদক ছিলেন। তিনি ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সাবেক সহ-সভাপতি ও চট্টগ্রাম দক্ষিণ জেলার সাবেক সভাপতি ছাড়াও জাতীয় শিশু-কিশোর সংগঠন খেলাঘরের সংগঠক ছিলেন। উজ্জ্বল শিকদার ২০২২ সালের ৩০ জানুয়ারি সকালে মাত্র ৪২ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন।
খেলাঘর কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য রথীন সেন’র সভাপতি চট্টগ্রাম জেলা যুব ইউনিয়নের সহ-সভাপতি প্রীতম চৌধুরীর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি(সিপিবি) কেন্দ্রীয় কমিটির সদস্য মৃণাল চৌধুরী, চট্টগ্রাম জেলা সিপিবির সহকারী সাধারণ সম্পাদক নুরুচ্ছফা ভূঁইয়া, নারী সেলে সমন্বয়ক রেখা চৌধুরী, কোতোয়ালির থানার সভাপতি প্রদীপ ভট্টাচার্য, যুব ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য আশিকুল ইসলাম জুয়েল, চট্টগ্রাম জেলা সভাপতি মো. শাহ আলম, খেলাঘর দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক শৈবাল আদিত্য, খেলাঘর মহানগর কমিটির সহ-সভাপতি চন্দন পাল, ডক্টরস ফর হেলথ অ্যান্ড এনভারনমেন্ট চট্টগ্রামের সাধারণ সম্পাদক ডা. আরিফ উদ্দিন আহমেদ, ছাত্র ইউনিয়ন চট্টগ্রাম জেলা কমিটির প্রাক্তন সভাপতি মিন্টু চৌধুরী সাবেক ছাত্রনেতা সুমন চৌধুরী মনি, যুব ইউনিয়ন দক্ষিণ জেলার সভাপতি বাবলা বড়–য়া, চট্টগ্রাম জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি ইমরান চৌধুরী, পদ্মকুঁড়ি খেলাঘরের সহ-সভাপতি সুচিত্রা গুহ টুম্পা, কলরব সংঘের সাধারণ সম্পাদক অয়ন সেনগুপ্ত। প্রগতিশীল আন্দোলনের একনিষ্ঠ কর্মী কমরেড উজ্জ্বল শিকদারের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে শোক সঙ্গিত পরিবেশন করেন রবীন্দ্র সঙ্গিতশিল্পী পূরবী বড়–য়া। এর আগে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে কমরেড উজ্জবল শিকদারের প্রতিকৃতিতে শ্রদ্ধা ও পুষ্পস্তবক নিবেদন করা হয়।
বক্তারা আরো বলেন, আমৃত্যু বিপ্লবী কমরেড উজ্জ্বল শিকদার সমাজ প্রগতির লড়াই-সংগ্রামে বেঁচে থাকবেন। যতদিন তিনি বেঁচে ছিলেন এদেশের মানুষের মুক্তি ও শোষণের বিরুদ্ধে লড়াই করে গেছেন। মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে, অসাম্প্রদায়িক-প্রগতিশীল সমাজ বিনির্মাণের পক্ষে সোচ্চার কণ্ঠ ছিলেন। চট্টগ্রামে গণজাগরণ মঞ্চের আন্দোলনেও তিনি সক্রিয় ভূমিকা পালন করেন। বর্তমান এই নষ্ট সমাজের প্রতিনিধিত্ব যারা করে, তাদের বিরুদ্ধে গলার রগ ফুলিয়ে স্লোগান দিয়েছেন। আমাদের এই নষ্ট সমাজের বিরুদ্ধে যতদিন আন্দোলন-সংগ্রাম, লড়াই মিছিল থাকবে উজ্জ্বল শিকদারকে আমরা আমাদের মিছিলে খুঁজে নিবো।