চট্টগ্রামে কর্ণফুলী উপজেলায় জায়গা-জমির বিরোদের জেরে দুই পক্ষের সংঘর্ষ চলাকালে প্রতিপক্ষের হামলায় মা ও ছেলে খুন হয়েছেন। এ সময় দুইজন আহত হয়েছেন।

আজ মঙ্গলবার (২৫ এপ্রিল) সন্ধ্যার দিকে শিকলবাহা ইউনিয়নের ২ নং ওয়ার্ড ব্লক পাড় (মাষ্টার হাট) এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন, হোসনে আরা বেগম (৪৫) ও তার ছেলে পারভেজ (৩১) তারা ওই এলাকার তৈয়ব আহমদের স্ত্রী ও পুত্র।

এই ঘটনায় একই পরিবারে আহত দুইজন হলেন- তৈয়ব আহমেদের ছেলে মোঃ আরজ(২২) ও মোঃ সিফাত (১৫) তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

শিকলবাহা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মোবারক হোসেন বলেন, হাঁটা চলার রাস্তার জায়গা নিয়ে দুই পরিবারের মধ্যে আগে একটা মারামারির ঘটনা ঘটে। এ নিয়ে মামলা হয়েছিল। ওই মামলায় তিনজনের মধ্যে একজন পলাতক ছিল। আজ আমাদের কাছে খবর ছিল সে বাসায় আসছে। দুপুরে আমরা বাড়িতে গেলে তল্লাশি করলেও তাঁকে পায়নি তবে আমরা চলে আসার পর শুনলাম মারামারি লাগছে। এতে দুজন মারা যায়।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ দুইজন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, চলাচলের রাস্তার জায়গা নিয়ে প্রতিবেশীদের সাথে ঝগড়া চলাকালে ৪/৫ জন আহত হয়। তাদের হাসপাতালে নেয়ার পর মা ও ছেলের মৃত্যু হয়েছে।