মশার লার্ভা পাওয়ায় আট ভবন মালিকের বিরুদ্ধে মামলা রুজু পূর্বক ৪১ হাজার টাকা জরিমানা  করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজাউল করিম।  

মঙ্গলবার নগরীর চাঁন্দগাও আবাসিক এলাকায় ডেঙ্গু মশা নিধনে এডিস মশার উৎসস্থল বাসা বাড়ির ছাদ বাগান ও নির্মাণাধীন ভবন ড্রোন দিয়ে পর্যবেক্ষণ করা হয়। অভিযানে নির্মাণাধীন ভবনের নীচে, ফুলের টব, ড্রাম ও ছাদে জমে থাকা পানিতে মশার লার্ভা থাকায় ৮ ভবন মালিকের বিরুদ্ধে মামলা রুজু পূর্বক ৪১ টাকা জরিমানা আদায় করে ভ্রাম্যমাণ আদালত।  

অভিযান সম্পর্কে নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজাউল করিম জানান, অন্যান্য এলাকার তুলনায় চাঁন্দগাও তুলনামূলক বেশি অপরিচ্ছন্ন পেয়েছি আমরা। বিশেষ করে অনেকে বাড়ি নির্মাণের সময় বাড়ির অভ্যন্তরীণ নালা নির্মাণ করেছেন ত্রুটিপূর্ণভাবে। ফলে ভবনের পানি সরাসরি নালায় না গিয়ে জমে মশার প্রজননের ঝুঁকি বাড়াচ্ছে৷ অভিযানে জরিমানার পাশাপাশি বাড়ি মালিকদের সাথে কথা বলে এ বিষয়ে  সচেতন করার চেষ্টা করছি আমরা।


অভিযানে সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা বিভাগের প্রধান আবুল হাশেম ও ম্যালেরিয়া ও মশক নিয়ন্ত্রণ কর্মকর্তা শরফুল ইসলাম মাহীর নেতৃত্বে চসিকের কর্মীরা মশা নিধনে ঔষধ ছেটান, মাইকিং করেন এবং জনসচেতনতা সৃষ্টির জন্য লিফলেট বিতরণ করেন।