চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভা এলাকায় বাসের সঙ্গে মোটরসাইকেল ও অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে দুজন নিহত হয়েছেন ও আহত হয়েছেন ৩ জন।
রোববার (৮ অক্টোবর) দুপুর পৌনে ২টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ ঘটনা ঘটে।
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. এরফান জানান, প্রথমে ইউনিক পরিবহনের একটি বাস মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এরপর বাসটি ব্যাটারিচালিত আরেকটি রিকশাকে ধাক্কা দেয়। এতে ৫ জন আহত হন। তাদের উদ্ধার করে দোহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পাঁচজনের মধ্যে দুজনকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তাদের একজন দোহাজারী পৌরসভার ১নং ওয়ার্ড চাগাচর নাথ পাড়ার ডিম ব্যবসায়ী মৃত চৈত চরণ্য নাথের ছেলে মৃদুল কান্তি নাথ (৬০) এবং আরেকজন হানিফ পরিবহন ঢাকা মেট্রো.ব ১৪-০৮৯৯ এর হেলপার। সে কক্সবাজার দ্বিপকুল এলাকার আবদুল লতিফের ছেলে আবদুল্লাহ (৩৫)। অপরদিকে আহতরা হলেন, বান্দরবান সদর এলাকার জেবুল হকের ছেলে আমির হোসেন ও আবু তাহেরের ছেলে কুতুব মিনার এবং অপরজন অটোরিকশা ড্রাইভারকে গুরুতর অবস্থায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেলে নিয়ে যাওয়া হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা মেট্টো. ব ১৪-৬০৪৯ ইউনিক পরিবহনের গাড়িটি কক্সবাজার থেকে চট্টগ্রাম অভিমুখে যাওয়ার পথে প্রথমে মোটরসাইকেলকে ধাক্কা দেয়। তাড়াহুড়া করে জরিমানা না দেওয়ার জন্য বাসটি বেপরোয়া গতিতে পালিয়ে যাওয়ার সময় অটোরিকশাকে চাপা দেয়। সামনে হানিফ পরিবহনের শ্রমিক তার ড্রাইভারকে খাবার দিতে গেলে তাকেও চাপা দিয়ে পালিয়ে যাওয়ার সময় সাধারণ জনগণ ও জেলা পুলিশের (টি আই) তোফায়েলের সহযোগিতায় বাসটি এবং চকরিয়ার হারবাং এলাকার গোলাম হোসেনের ছেলে মো. মফিজুর রহমান নামক চালককেও আটক করে।