গতকাল মঙ্গলবার রাতে চট্টগ্রাম নগরীর ওয়াসার মোড়স্থ মুনতাসির টাওয়ারের পাহাড়তলী ক্লাবে পুলিশ অভিযান চালিয়ে ৩২ জনকে আটক এবং জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে।
এই সময় জুয়ার আসর থেকে আটক করা হয় লালখান বাজার ওয়ার্ড আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মিজানুর রহমান (৫০) ও ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য বিশ্বজিৎ চৌধুরীকে ।
আজ বিকেলে ওয়ার্ড আওয়ামী লীগ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। উক্ত বর্ধিত সভায় লালখান বাজার ওয়ার্ড আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মিজানুর রহমান (৫০) ও ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য বিশ্বজিৎ চৌধুরীকে অনির্দিষ্টকালের জন্য বহিষ্কার করা হয়।
এ তথ্য নিশ্চিত করেছেন লালখান বাজার ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দিদারুল আলম মাসুম।
তিনি বলেন, অভিযুক্তদের লালখান বাজার ওয়ার্ড আওয়ামী লীগ থেকে অনির্দিষ্টকালের জন্য বহিষ্কার করা হলো। আজ থেকে বহিষ্কৃতরা আওয়ামী লীগের কোন কার্যক্রমে অংশগ্রহণ ও আওয়ামী লীগের নাম ব্যবহার করতে পারবেন না।