রাউজানে উপজেলা বিএনপি'র মিছিলে দুষ্কৃতিকারীরা হামলা করেছে । 

চট্টগ্রামের রাউজানে বিজয় মেলা নিয়ে বিরোধে বিএনপির সাথে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। আজ শুক্রবার বিকেলে উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, উপজেলা বিএনপির আহবায়ক অধ্যাপক জসিম উদ্দিন চৌধুরীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের করলে  গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর  অনুসারীরা মিছিলে হামলা করে।

 

 হামলায় ১০ জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে।

স্থানীয় প্রত্যক্ষদর্শী ও উভয় পক্ষের দলীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, রাউজান সরকারি কলেজ মাঠে মাসব্যাপী বিজয় মেলা উদ্‌যাপনের আয়োজন চলছে, যা ৫ ডিসেম্বর থেকে শুরু হওয়ার কথা ছিল; কিন্তু দুই পক্ষের নেতা-কর্মীদের মধ্যে বিরোধের কারণে সেটি উদ্বোধন করা যায়নি। এর মধ্যে আজ বিকেলে উপজেলা পরিষদের সামনে থেকে বিজয় মেলা উদ্‌যাপনের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ডাক দেয় গোলাম আকবর খন্দকারের পক্ষের নেতা-কর্মীরা। এতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক জসিম উদ্দিন চৌধুরী, জেলা যুবদলের সভাপতি হাসান জসিম , জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি নুরুল হুদা ও জেলা স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি জি এম মোরশেদ প্রমুখ।  খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করলে উভয় পক্ষের লোকজন সরে যান।


হামলায় আহত হওয়া গোলাম আকবর খন্দকারের অনুসারী উপজেলা যুবদলের আহ্বায়ক মুহাম্মদ রহিম উদ্দিন বলেন, তাঁরা শান্তিপূর্ণ মিছিল ও সমাবেশ করতে জড়ো হয়েছিলেন। এ সময় ২৫টি থেকে ৩০টি মোটরসাইকেলে করে কয়েক শ লোক এসে তাঁদের সমাবেশ পণ্ড করে দেন। হামলায় আহত করেছেন তাঁদের পক্ষের ১০/১২জনকে।


জানতে চাইলে চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মুহাম্মদ রাসেল আজ সন্ধ্যায়  বলেন, বিজয় মেলা উদ্‌যাপনকে কেন্দ্র করে রাউজানে বিএনপির দুই পক্ষ মুখোমুখি অবস্থানে আছে। বিকেলে এর জেরে বিক্ষোভ মিছিল ও সমাবেশে মারামারি হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এখন পরিস্থিতি স্বাভাবিক আছে।