আজ ১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। চট্টগ্রামের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট  ফরিদা খানম এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম এর  বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন।

 বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন্স) মোঃ রইছ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন)  এ.এন.এম. ওয়াসিম ফিরোজ ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ম্যানেজমেন্ট) রওশন আরা। এছাড়াও উপস্থিত ছিলেন চট্টগ্রামের উপপরিচালক, স্থানীয় সরকার  নোমান হোসেন; অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ কামরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (ভূমি অধিগ্রহণ) এ. কে. এম. গোলাম মোর্শেদ খান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটসৈয়দ মাহবুবুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)  মোঃ শরীফ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা ফজল বারিক, বীর মুক্তিযোদ্ধা মোঃ কামাল উদ্দিনসহ বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তাবৃন্দ।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন বলেন, “১৪ ডিসেম্বর, জাতীয় শহিদ বুদ্ধিজীবী দিবস, আমাদের জাতির ইতিহাসে একটি গভীর তাৎপর্যপূর্ণ দিন। এই দিনটি আমাদের মনে করিয়ে দেয় সেই ভয়াবহ সময়ের কথা, যখন পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসররা আমাদের দেশের শ্রেষ্ঠ সন্তানদের—শিক্ষক, সাংবাদিক, ডাক্তার, প্রকৌশলী, সাহিত্যিকদের—নির্মমভাবে হত্যা করে। তারা জানত, এই বুদ্ধিজীবীরা আমাদের দেশের মেধা ও প্রজ্ঞার প্রেরণা। তাদের হত্যা করে তারা আমাদের জাতির মেরুদণ্ড ভাঙতে চেয়েছিল। কিন্তু স্বাধীন বাংলাদেশের মানুষের দেশপ্রেম এ জাতিকে উত্তরোত্তর সমৃদ্ধির দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে।”