চট্টগ্রাম মহানগরের অন্যতম গুরুত্বপূর্ণ সংযোগ সড়ক হাটহাজারীর ঠান্ডাছড়ি-সেকান্দর কলোনী-আকবর শাহ রোডে চলমান সড়ক উন্নয়ন কাজ বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। স্থানীয় এলাকাবাসীর অভিযোগ, ফ্যাসিস্ট শাসনের দোসর হিসেবে পরিচিত এস আলম গ্রুপ চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে প্রভাবিত করে এ উন্নয়ন কাজ বন্ধ করার চেষ্টা করছে।

এলাকাবাসী জানায়, দীর্ঘদিন অবহেলিত ও ভগ্নদশায় থাকা এ সড়কটি চসিক মেয়র ডা. শাহাদাত হোসেনের উদ্যোগে সংস্কারের কাজ শুরু হয়। উন্নয়ন কাজ শুরু হওয়ার পর স্থানীয়রা স্বস্তি পেলেও বর্তমানে তা ব্যাহত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। তাদের দাবি, চসিককে জনগণের স্বার্থে দৃঢ় অবস্থান নিতে হবে— কোনোভাবেই এস আলম গ্রুপের প্রভাবের কাছে নতি স্বীকার করা যাবে না।

সেকান্দর কলোনী, আকবর শাহ, নগরকানন আবাসিকসহ আশপাশের হাজারো মানুষ প্রতিদিন এ সড়ক দিয়ে চলাচল করেন। রাস্তার বেহাল দশার কারণে দীর্ঘদিন ধরে জনদুর্ভোগ চরমে ছিল। চলমান উন্নয়ন কাজে অগ্রগতি দেখা দেওয়ায় সাধারণ মানুষের মাঝে আশার সঞ্চার হয়।

স্থানীয় বাসিন্দারা আরও অভিযোগ করেন, এস আলম গ্রুপ তাদের ব্যবসায়িক স্বার্থে বিভিন্ন সময় নগরীর উন্নয়নমূলক কাজ ব্যাহত করে থাকে। এবারও একই কৌশলে জনগণের স্বার্থকে অগ্রাহ্য করে চলমান সড়ক উন্নয়ন কাজ বন্ধের অপচেষ্টা চালাচ্ছে।

এ বিষয়ে এলাকাবাসী দৃঢ় অবস্থান জানিয়ে বলেন,পূর্বে ভুমি জরিপ সম্পূর্ণ করার পরও ভূমিদস্যু, ব্যাংক ডাকাত এস আলম কে নিয়ে চসিক এর নতুন করে জরিপ করা নিয়ে মানুষের মনে নানা সন্দেহ ও ভয়-ভীতি  ডানা মেলতে শুরু করেছে। এলাকাবাসী আরো বলেন, “আমরা কোনোভাবেই এই রাস্তার উন্নয়ন কাজ বন্ধ হতে দেব না। জনগণের টাকায় জনগণের উন্নয়ন কাজ হবে— কোনো প্রভাবশালী গোষ্ঠীর স্বার্থে নয়।”এলাকাবাসী চসিক মেয়র মহোদয় এর প্রতি পুরোপুরি আস্থাশীল, তারা  মনে প্রানে বিশ্বাস করে ডাঃ শাহাদাত অন্যায়ের কাছে মাথা নোয়াবেন না কখনো,জনতার মেয়র জনতার পাশেই থাকবেন।