বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার, বাণিজ্য বৃদ্ধি এবং আঞ্চলিক সহযোগিতা প্রসারে আলোচনা হয়েছে। রোববার (২৪ আগস্ট) রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এবং পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দারের মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

সৌজন্য সাক্ষাতে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী তার দেশের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের শুভেচ্ছা পৌঁছে দেন। জবাবে অধ্যাপক ইউনূস অতীতের আলাপচারিতার কথা স্মরণ করে বলেন, “প্রধানমন্ত্রী শরিফ ও আমি যখনই দেখা করেছি, আমরা সার্ক নিয়ে আলোচনা করেছি। আমাদের দৃষ্টিভঙ্গি সামঞ্জস্যপূর্ণ—সার্ক উভয় দেশের জন্যই শীর্ষ অগ্রাধিকার।”

ইসহাক দার বলেন, অর্থনীতির এমন অনেক ক্ষেত্র রয়েছে যেখানে বাংলাদেশ ও পাকিস্তান যৌথভাবে কাজ করতে পারে। তিনি অধ্যাপক ইউনূসের দারিদ্র্য বিমোচন ও জনগণের ক্ষমতায়নে অবদানকে বিশেষভাবে উল্লেখ করে বলেন, “বাংলাদেশ ভাগ্যবান যে আপনার মতো একজন অনুপ্রেরণাদায়ক নেতা সরকারপ্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।”

অধ্যাপক ইউনূস তরুণ প্রজন্মের মধ্যে সম্পর্ক বৃদ্ধির পাশাপাশি দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি তিনি নিয়মিত সাংস্কৃতিক বিনিময়ের প্রয়োজনীয়তা তুলে ধরে বলেন, “যখন পাকিস্তানি শিল্পীরা বাংলাদেশে আসেন, তখন তাদের প্রতিভা সর্বত্র প্রশংসিত হয়।”

১৩ বছরের মধ্যে বাংলাদেশ সফরকারী প্রথম পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী হিসেবে ইসহাক দার জানান, দুই দেশের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে কাজ চলছে। তিনি বলেন, অক্টোবরের মধ্যে ফ্লাই জিন্নাহর সরাসরি ঢাকা–করাচি ফ্লাইট চালু হওয়ার আশা করা হচ্ছে। এছাড়া, পিআইএ বেসরকারীকরণের পর ঢাকায়ও সরাসরি ফ্লাইট চালু করবে।