সুপার ফোরে বাংলাদেশের শুরু হয়েছে সুপার্ব। গ্রুপপর্বে পেরিয়ে শেষ চারের পর লিটন ব্রিগেডের চোখ ফাইনালে। সম্ভাবনাও বেশ জোরাল। টি-টোয়েন্টিতে এমন সাফল্যের নেপথ্য শুনিয়েছেন টাইগারদের কোচ ফিল সিমন্স। ক্যারিবিয়ান কিংবদন্তির মতে, ক্রিকেটারদের স্বাধীনতা প্রভাবক হিসেবে কাজ করছে।

আগামীকাল ভারতের বিপক্ষে লড়াইয়ে নামার আগে টাইগারদের কোচ স্বাধীনতার সেই সুখই সামনে এনেছেন, ‘বেশ ভালো যাত্রা। অধিনায়ক যেভাবে দলকে নেতৃত্ব দিচ্ছে তাতে আমারও বড় ভূমিকা ছিল। কোচরাও কৃতিত্ব পাবে। আমরা খেলোয়াড়দের স্বাধীনতা দিয়েছি। তারা যেন মাঠে নিজেদের মেলে ধরে। এটা টি-টোয়েন্টি ক্রিকেটে খুব জরুরি। সবাই যেন নিজেদের স্কিল নিজের মতো দেখাতে পারে।’

আর ওই এক মন্ত্রে সাফল্য। এশিয়া কাপে এখন পর্যন্ত চার ম্যাচ খেলে তিনটিতে জিতেছে বাংলাদেশ। গ্রুপপর্বে আফগানিস্তানকে বিদায় করেছে, সুপার ফোরে শঙ্কা বাড়িয়েছে শ্রীলঙ্কার। এখন লিটনদের চোখে ফাইনালের স্বপ্ন। তার আগে অবশ্য ভারত ও পাকিস্তানের বাধা উতরাতে হবে।

সমীকরণ অনেক আছে। তবে ওসব নিয়ে মাথা ঘামাতে চান না ফিল সিমন্স। টাইগার কোচের বিশ্বাস ভারতকে ভালো খেলেই তার দল হারাবে। সিমন্স বলেছেন, ‘জয়ের ব্যাপারে বিশ্বাস থাকা উচিত। আমরা বসে বিষয়গুলি নিয়ে কথা বলেছি। ভারতকে হারাতে পারব, সেই সুযোগ আছে। শ্রীলঙ্কা ম্যাচের পর বিরতি পেয়েছি। আমাদের সেই বিরতির সুযোগ কাজে লাগাতে হবে। ভারতের বিপক্ষে আমাদের জয়ের সুযোগ আছে।’

সিমন্সের মতে, নির্দিষ্ট দিনে নিজেদের সেরাটা দিতে পারলে ভারতকে হারানো কঠিন হবে না। তার লক্ষ্য ভারতের খেলোয়াড়দের ভুল করতে বাধ্য করা, ‘প্রতিটি দলেরই ভারতকে হারানোর ক্ষমতা আছে। এটা নির্দিষ্ট একটি ম্যাচ। ভারত আগে হারেনি বিষয়টি এমন নয়। আমরা আমাদের সেরা ক্রিকেটই খেলার চেষ্টা করব এবং ভারতকে কীভাবে ভুল করানো যায় সেদিকে খেয়াল রাখব। এভাবেই আমাদের জিততে হবে।’