সিঙ্গাপুরে বাংলাদেশি মেরিন পেশাজীবীদের বৃহত্তম সংগঠন বাংলাদেশি মেরিন কমিউনিটি সিঙ্গাপুর (BMCS)-এর বার্ষিক মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে ১৫ নভেম্বর অর্কিড কান্ট্রি ক্লাবের গ্র্যান্ড বলরুমে। চমৎকার আয়োজনের মাধ্যমে এক মনোজ্ঞ সন্ধ্যায় একত্রিত হন সিঙ্গাপুরে কর্মরত শতাধিক বাংলাদেশি মেরিন বিশেষজ্ঞ ও অতিথিবৃন্দ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ড. ভিভিয়ান বালাকৃষ্ণান। তিনি সিঙ্গাপুরের জাহাজ শিল্পে বাংলাদেশি সীফারারদের গুরুত্বপূর্ণ অবদানের উচ্চ প্রশংসা করে বলেন, “বাংলাদেশ ভবিষ্যতে একটি বড় মেরিটাইম শক্তি হয়ে উঠতে পারে। দুই দেশের সহযোগিতা আরও গভীর হোক।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ফেরদৌসী শাহরিয়ার, সিঙ্গাপুরের হাইকমিশনার ডেরেক লোহ, জনশক্তি মন্ত্রণালয়ের উপপ্রধান ম্যাডাম শিরিন বানু, এবং মেরিটাইম অ্যান্ড পোর্ট অথোরিটি অফ সিঙ্গাপুরের সহকারী প্রধান নির্বাহী ট্যান হো সুন।

এছাড়া উপস্থিত ছিলেন সিঙ্গাপুর মেরিটাইম অফিসার্স ইউনিয়নের চেয়ারম্যান ডমিনিক ইয়ং, সিঙ্গাপুর রেডক্রসের সহকারী মহাসচিব চারিস চ্যানসহ আরও অনেকে।

BMCS সভাপতি মেরিন ইঞ্জিনিয়ার শাখাওয়াত হোসেন তাঁর বক্তব্যে সিঙ্গাপুর ও বাংলাদেশের অর্থনীতিতে বাংলাদেশি মেরিন পেশাজীবীদের অবদানের কথা তুলে ধরেন। মান্যবর ফেরদৌসী শাহরিয়ার বক্তৃতায় সিঙ্গাপুর কর্তৃপক্ষকে বাংলাদেশি নাবিকদের অভিবাসন নীতি আরও সহজতর করার আহ্বান জানান।

অনুষ্ঠানে BMCS-এর নিয়মিত প্রকাশনা “নোঙর” এর মোড়ক উন্মোচন করেন ড. ভিভিয়ান বালাকৃষ্ণান ও রাষ্ট্রদূত ফেরদৌসী শাহরিয়ার।

সাংস্কৃতিক পর্বে স্থানীয় শিল্পীদের গান ও নৃত্য পরিবেশনা অতিথিদের মনোরঞ্জন করে।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে ধন্যবাদ জ্ঞাপন করেন সংগঠনের সাধারণ সম্পাদক মেরিন ইঞ্জিনিয়ার মোঃ আলী গওহর শাহ্রীয়ার।

সঞ্চালনায় ছিলেন রাইসুল ইসলাম, রাঈদা ইবনাত হোসেন ও মাহদিয়াত আশিক দিহান।