ঝাঁকে ঝাঁকে তেলাপোকা দেখে মনে হবে এটি তেলাপোকারই খামার। শুধু কি তেলাপোকা, ইঁদুরের তাজা বিষ্ঠাও দেখা গেল। 

বৃহস্পতিবার (৫ মার্চ) নগরের জিইসি মোড়ের হারুন বেকারিতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে এমন চিত্র দেখা গেছে।  

ভোক্তা অধিকারের উপপরিচালক (ডিডি) ফয়েজ উল্লাহ সাংবাদিকদের বলেন, একেবারে অস্বাস্থ্যকর পরিবেশ।

হাজার হাজার, লাখ লাখ তেলাপোকা। খাদ্যপণ্যের ঢাকনার ওপর ইঁদুরের তাজা বিষ্ঠা। অস্বাভাবিক অস্বাস্থ্যকর পরিবেশ। 
দোকান মালিক জামাল আহমদের উদ্দেশে তিনি বলেন, লাখ লাখ তেলাপোকা।

আপনি যদি বলেন, তেলাপোকা আমার না। তেলাপোকা জানে না, এ প্রতিষ্ঠান আপনার। তেলাপোকার কাছে স্থান আলাদা নেই। মানুষগুলো আপনার শত্রু? তাহলে কেন এ রকম করছেন? আপনার ঘরে কি এ রকম তেলাপোকা আছে? তাহলে এখানে কেন করেন? জরিমানার জন্য? এটা কি হওয়া উচিত জরিমানা করলেই আপনি ঠিক করবেন? আমরা আসলেই আপনি ঠিক করবেন? আপনার মতো হাজার হাজার প্রতিষ্ঠান আছে।

ছোট্ট একটা জায়গা নিট অ্যান্ড ক্লিন রাখতে না পারলে ব্যবসা করবেন না। আপনার এখানে বিক্রির দরকার নাই। যে অবস্থা দেখেছি গা গুলিয়ে আসছে। ভবিষ্যতে আমরা খাবার কীভাবে খাব! 
এ কোণাটার মধ্যে ইঁদুরের হাজার হাজার বিষ্ঠা পড়ে আছে। এটা কষ্টকর, আমরা কোথায় যাচ্ছি।


একটা মানুষ খাদ্যপণ্য কীভাবে উৎপাদন করেন তার সঙ্গে সংস্কৃতির সম্পর্ক। আমাদের সংস্কৃতি এত খারাপ না এত অস্বাস্থ্যকর উপায়ে খাদ্যপণ্য তৈরি করি। আপনারা টেনে নিয়ে আসছেন এটা। জরিমানা নিয়ে আসেন। সিলগালা করছি। হাতজোড় করবেন না। তেলাপোকা খাবার খায়। সেই খাবার কোথায়? এটাকে তেইল্যাচোরাও বলে। কারণ দিনের বেলা লুকিয়ে থাকে। আমরা আসার আগে আপনার এটা দেখা উচিত ছিল। আপনারা দুইটা ভাই। ছোটখাটো জিনিস যদি বের করে ফেলতেন। তেলাপোকার ওষুধ দিয়ে পরিষ্কার করে ফেলতে পারতেন। আমি সবাইকে দেখিয়ে সিল করে দিচ্ছি। এটা থেকে ফেরত আসেন। মানুষের স্বাস্থ্যঝুঁকি কমবে। পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখার প্রতিশ্রুতি দিলে তখন দোকান খুলে দেওয়া হবে। কোনো কেমিক্যাল ব্যবহার করবেন না।  আপনার প্রতিষ্ঠানের মতো তেলাপোকা সাম্প্রতিক সময়ে আমি কোথাও দেখিনি। ইঁদুর যখন নিরাপদ আশ্রয় পায় তখন বিষ্ঠা ছাড়ে। আপনার এটা তাদের অবাধ বিচরণের জায়গা।  
প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা ও সাময়িক সিলগালা করা হয়। 

একই অভিযানে মেরিডিয়ান রেস্টুরেন্টে বাসি মুরগির মাংস ও অপরিষ্কার পরিবেশে খাবার উৎপাদনের অনিয়ম পায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মেরিডিয়ানের দধির কৌটায় মেয়াদ নেই, বিএসটিআইয়ের অনুমোদন নেই।

অধিদপ্তরের কর্মকর্তারা বলেন, কিচেন ম্যানেজমেন্ট ভালো না। আরও উন্নত পরিবেশে খাবার প্রক্রিয়াজাত করতে হবে। দধিতে মেয়াদ দিচ্ছে না। তাই ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।  

কামাল জেনারেল স্টোরে অনুমোদনহীন বিদেশি পণ্য ও নকল পণ্য পাওয়ায় ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে ।