দীর্ঘ ১৭ বছরের আন্দোলন-সংগ্রাম, দমনপীড়ন আর রাজপথের কঠিন পরীক্ষার পর এবার নতুন এক লক্ষ্যে চোখ রাখছেন বিএনপিদলীয় নেত্রীরা। ত্রয়োদশ সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর সংরক্ষিত নারী আসনে জায়গা পেতে দলটির ভেতরে শুরু হয়েছে ব্যাপক দৌড়ঝাঁপ। কেন্দ্র থেকে তৃণমূল—সব স্তরে বহু নেত্রী মনোনয়ন দৌড়ে নাম লেখানোয় প্রার্থী বাছাই বিএনপির জন্য এখন বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে।
নির্বাচন কমিশন (ইসি) সূত্র জানিয়েছে, ইতোমধ্যে সংসদ সচিবালয় থেকে ভোটার তালিকা ইসি সচিবালয়ে পাঠানো হয়েছে এবং তা যাচাই-বাছাইয়ের কাজ চলছে। আগামী ৭ থেকে ১০ এপ্রিলের মধ্যে সংরক্ষিত নারী আসনের তফসিল ঘোষণার পরিকল্পনা রয়েছে ইসির।
এ বিষয়ে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, আগামী ৬ এপ্রিল কমিশন সভা অনুষ্ঠিত হবে। ওই সভায় সংরক্ষিত নারী আসনের নির্বাচন নিয়ে আলোচনা শেষে তফসিল ঘোষণার তারিখ চূড়ান্ত করা হবে।
এদিকে, গত ১২ ফেব্রুয়ারি নির্বাচনের পর ২৯৬টি আসনে নবনির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। গেজেট অনুযায়ী ৫০টি সংরক্ষিত নারী আসনের মধ্য ৩৫টি বিএনপি জোট এবং ১৩টি জামায়াত জোট পেতে পারে।
আলোচনায় কেন্দ্রীয় নেতাদের স্ত্রী ও মেয়েরা
বিএনপির প্রার্থী তালিকায় রয়েছেন বেশ কয়েকজন নেতার স্ত্রী। তারা হলেন—বিএনপির সংসদ সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলুর স্ত্রী সাবিনা ইয়াসমিন, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের স্ত্রী তাহমিনা জামান শ্রাবণী, বিএনপির ক্ষুদ্রঋণবিষয়ক সম্পাদক এমএ কাইয়ুমের স্ত্রী শামীম আরা বেগম এবং বিএনপির সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলমের মেয়ে ত্যাগী ও নির্যাতিত বিএনপি নেত্রী ব্যারিস্টার শাকিলা ফারজানা, বিএনপির সাবেক এমপি এটিএম ওয়ালী আকরামের মেয়ে ও সেক্টর কমান্ডার হামিদুর খানের পুত্রবধূ রিপা ওয়ালী খান।, স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মরহুম শফিউল বারী বাবুর স্ত্রী বীথিকা বিনতে হোসাইনের নামও আলোচনায় আছে। এছাড়া আলোচনা আছেন মরহুম ব্যারিস্টার মওদুদ আহমদের স্ত্রী হাসনা জসীমউদ্দীন মওদুদ, মরহুম মহাসচিব আবদুস সালাম তালুকদারের একমাত্র মেয়ে ব্যারিস্টার সালিমা বেগম আরুণি, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিছ চৌধুরীর মেয়ে সামিরা তানজিনা চৌধুরী।
আলোচনা আছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহানা আক্তার শানু এবং তৃণমূল থেকে রাজনীতি করে বেড়ে ওঠা ছাত্রদল নেত্রী সাবেক ভিপি অধ্যাপিকা নাজমা সুলতানা ঝংকার। তিনি ১৯৯৬ সালে কুমিল্লা সরকারি মহিলা বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রী সংসদের নির্বাচিত ভিপি ছিলেন। এরপর ছাত্রদল ও মহিলা দলের দায়িত্ব পালন করেন তিনি ।
আলোচনায় সাবেক সংসদ সদস্য
২০০৮ সালের নবম সংসদ নির্বাচনে বিএনপির ভরাডুবির মধ্যে কক্সবাজার-১ আসনে হাসিনা আহমদ এবং সিরাজগঞ্জ-২ আসনে রুমানা আহমেদ ধানের শীষ প্রতীকে বিজয়ী হয়েছিলেন। ২০১৮ সালের বিতর্কিত একাদশ সংসদ নির্বাচনে হামলা-মামলার মধ্যেও তারা প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। বিগত সময়ের আন্দোলন-সংগ্রামে তাদের অবদান রয়েছে। জানা গেছে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের স্ত্রী হাসিনা আহমদ এবং আরেক স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুর স্ত্রী রুমানা আহমেদ সংরক্ষিত আসনে মনোনয়ন দৌড়ে এগিয়ে আছেন।
এছাড়া নবম জাতীয় সংসদের সংরক্ষিত আসনের সংসদ সদস্যরাও এগিয়ে আছেন। সে সময় সংসদের ভেতরে বক্তব্য দিয়ে তারা যেমন গরম রাখতেন, ঠিক তেমনি বিগত সময়ে আন্দোলন-সংগ্রামেও তারা সক্রিয় ছিলেন। এরা হলেন—বিএনপির স্বনির্ভরবিষয়ক সহসম্পাদক নিলোফার চৌধুরী মনি, বিএনপির মানবাধিকারবিষয়ক সহসম্পাদক সৈয়দা আসিফা আশরাফী পাপিয়া, মিডিয়া সেলের সদস্য শাম্মী আক্তার, প্রশিক্ষণবিষয়ক সম্পাদক রাশেদা বেগম হীরা এবং নির্বাহী কমিটির সদস্য রেহানা আক্তার রানু।
আলোচনায় আছেন অষ্টম সংসদের সদস্য ও মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ এবং ইয়াসমিন আরা হকও। এর বাইরে বিএনপির স্বনির্ভরবিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শিরীন সুলতানা আলোচনায় আছেন। তিনি যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনের স্ত্রী।
ত্রয়োদশ সংসদ নির্বাচনের তিন প্রার্থীও এগিয়ে
ত্রয়োদশ সংসদ নির্বাচনে ৯ নারী প্রার্থী ধানের শীষ প্রতীক নিয়ে ভোটে লড়াই করেছেন। এদের মধ্যে তিনজন পরাজিত হন। এরা হলেন—শেরপুর-১ আসনের সানসিলা জেবরিন প্রিয়াংকা, যশোর-২ আসনের সাবিরা সুলতানা এবং ঢাকা-১৪ আসনের মায়ের ডাকের সমন্বয়ক সানজিদা ইসলাম তুলি। দলীয় সূত্রের তথ্যানুযায়ী, এ তিনজনকে সংসদের সংরক্ষিত আসনে দেখার সম্ভাবনা বেশি।
এছাড়া কণ্ঠশিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপা, পটুয়াখালী-২ আসনের সালমা আলম, বিএনপির নির্বাহী কমিটির সদস্য জেবা আমিন খানও রয়েছেন বিবেচনার তালিকায়।
বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির এক সদস্য জানান, প্রাথমিকভাবে একটি তালিকা প্রস্তুত করে তা থেকে পর্যায়ক্রমে সংক্ষিপ্ত তালিকা করা হচ্ছে। পরে সংসদীয় বোর্ডের বৈঠকে তার চূড়ান্ত অনুমোদন দেওয়া হবে। সেক্ষেত্রে দলের চেয়ারম্যান তারেক রহমানের অনুমোদন ছাড়া কোনো তালিকা চূড়ান্ত হবে না।
দলটির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন আমার দেশকে জানান, সংরক্ষিত নারী আসনের প্রার্থী তালিকা নিয়ে এখনো দলীয় ফোরামে কোনো আলোচনা হয়নি। নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করলে সবকিছু চূড়ান্ত হবে।