- ফেনীর দাগনভূঞা উপজেলায় ছেলের ছুরিকাঘাতে মা গুলশান আরা বেগম লাকি (৪০) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন বাবা মোস্তফা ভূঞা (৫০) ও বোন মিথিলা মোস্তফা সাহারা (১৮)। আহতদের জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।ঘটনার পরপরই হামলাকারী ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
- রোববার (১০ মে) রাত নয়টার দিকে উপজেলার সিন্দুরপুর ইউনিয়নের দিলপুর গ্রামের মাতু মেস্তরি বাড়িতে এ ঘটনা ঘটে।
- পুলিশ ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে অভিযুক্ত যুবক মোশারফ হোসেন রাফি মাদকাসক্ত ছিল। ঘটনার দিন পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে উত্তেজিত হয়ে ছুরি দিয়ে তার মা গুলশান আরা বেগম লাকি আক্তারের ওপর হামলা চালায়। হামলায় গুরুতর আহত হন লাকি আক্তার। স্থানীয়রা দ্রুত তাকে দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
- এ সময় হামলায় আহত হন নিহতের স্বামী মোস্তফা ভূঞা ও তাদের মেয়ে মিথিলা মোস্তফা সাহারা। তাদেরকে গুরুতর আহত অবস্থায় ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে আসার পর অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
- স্থানীয়রা জানায়, অভিযুক্ত রাফি দীর্ঘদিন ধরে মাদকের সঙ্গে জড়িত ছিল। পরিবারের লোকজন চেষ্টা করেও তাকে মাদক সেবন থেকে সরাতে পারেনি। এতে পরিবারে প্রায়ই অশান্তি লেগে থাকত।
- নিহতের স্বজন প্রবাসী মো. বাবলু জানান, আমার কাছে ফোন আসে আমার চাচাতো বোনকে মেরে ফেলছে। কী কারণে মেরেছে, তা জানি না।
- .
ছেলের ছুরিকাঘাতে মা নিহত, বাবা-বোন আহত