1.  সিঙ্গাপুর বাংলাদেশ সোসাইটি (এসবিএস) সিঙ্গাপুরে প্রবাসী বিভিন্ন শ্রেণি-পেশার বাংলাদেশি ও অভিবাসী কর্মীদের অংশগ্রহণে পেনজুরু রিক্রিয়েশন সেন্টারে একটি প্রাণবন্ত ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করে।
  2. উৎসবমুখর পরিবেশে আয়োজিত এই টুর্নামেন্ট ক্রীড়ানুরাগ, ঐক্য ও সাংস্কৃতিক মেলবন্ধনের এক অনন্য উদাহরণ হয়ে ওঠে। উপস্থিত পরিবারবর্গ, সমাজের বিভিন্ন স্তরের সদস্য এবং দর্শকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি আরও উপভোগ্য হয়ে ওঠে।
  3. সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশের চার্জ দ্য অ্যাফেয়ার্স মাননীয়া জনাবা লুৎফুন্নাহার প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এছাড়াও সিঙ্গাপুরের শ্রম মন্ত্রণালয় (এমওএম), মাইগ্র্যান্ট ওয়ার্কার্স সেন্টার (এমডব্লিউসি) এবং ন্যাশনাল ট্রেডস ইউনিয়ন কংগ্রেস (এনটিইউসি)-এর প্রতিনিধিবৃন্দ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
  4. মূল টুর্নামেন্টের পাশাপাশি বাংলাদেশ হাই কমিশন একাদশ এবং এসবিএস প্রেসিডেন্ট একাদশের মধ্যে একটি প্রীতি ক্রিকেট ম্যাচও অনুষ্ঠিত হয়। সংক্ষিপ্ত হলেও অত্যন্ত উপভোগ্য এই ম্যাচে উভয় দলই আন্তরিকতা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে খেলায় অংশগ্রহণ করেন এবং উপস্থিত দর্শকরাও খেলাটি উপভোগ করেন।
  5. টুর্নামেন্টে “জামাল টাইগার্স ক্রিকেট টিম” চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে এবং “ডিএমইএবিএস ক্রিকেট টিম” রানার-আপ হয়। ডিএমইএবিএস টিমের মোহাম্মদ আসাদ “টুর্নামেন্টের সেরা খেলোয়াড়” হিসেবে পুরস্কৃত হন এবং এসবিএম গ্রুপ অর্জন করে চ্যাম্পিয়ন ট্রফি।
  6. টুর্নামেন্টজুড়ে প্রবাসী শ্রমিকদের অসাধারণ খেলায় সবাই মুগ্ধ হন। সকল খেলোয়াড়ের নিয়মশৃঙ্খলা ও খেলোয়াড়সুলভ মনোভাব বিশেষভাবে প্রশংসিত হয়।
  7. এসবিএস প্রেসিডেন্ট জনাব আলতাফ হোসেন সবাইকে অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানান এবং সিঙ্গাপুরে প্রবাসী শ্রমিকদের কল্যাণে এসবিএস নিরলসভাবে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।