- বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সাময়িক হিসাব অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে দেশের মাথাপিছু আয় বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ২০ ডলারে। দেশের ইতিহাসে এই প্রথমবার ৩ হাজার মার্কিন ডলারের মাইলফলক অতিক্রম করেছে মাথাপিছু আয়।
- বুধবার (১০ জুন) প্রকাশিত বিবিএসের তথ্য অনুযায়ী, বিদায়ী অর্থবছরে মাথাপিছু আয় হয়েছে ৩ লাখ ৬৮ হাজার ৮৭৩ টাকা, যা আগের অর্থবছরের তুলনায় ৩৪ হাজার ৩৬২ টাকা বেশি।
- ২০২৪-২৫ অর্থবছরে দেশের মাথাপিছু আয় ছিল ৩ লাখ ৩৪ হাজার ৫১১ টাকা বা ২ হাজার ৭৬৯ মার্কিন ডলার। এক বছরের ব্যবধানে ডলারে মাথাপিছু আয় বেড়েছে ২৫১ ডলার। মাথাপিছু আয়ের পাশাপাশি দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতেও উন্নতি হয়েছে।
- বিবিএসের হিসাবে, ২০২৫-২৬ অর্থবছরে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি হয়েছে ৪ দশমিক ১৪ শতাংশ, যা আগের অর্থবছরের ৩ দশমিক ৪৯ শতাংশের তুলনায় বেশি।
- এদিকে চলতি অর্থবছরে দেশের অর্থনীতির আকারও নতুন উচ্চতায় পৌঁছেছে। বর্তমান বাজার মূল্যে বাংলাদেশের জিডিপির আকার দাঁড়িয়েছে ৬১ লাখ ২০ হাজার ২০৯ কোটি টাকা, যা প্রায় ৫০১ বিলিয়ন মার্কিন ডলারের সমান।
- এর আগের অর্থবছরে দেশের অর্থনীতির আকার ছিল ৫৫ লাখ ১৫ হাজার ২৬ কোটি টাকা বা প্রায় ৪৫৬ বিলিয়ন ডলার।
- অর্থনীতিবিদদের মতে, বৈশ্বিক অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যেও মাথাপিছু আয় ৩ হাজার ডলার অতিক্রম করা এবং অর্থনীতির আকার ৫০০ বিলিয়ন ডলার ছাড়ানো দেশের জন্য গুরুত্বপূর্ণ অর্জন।
মাথাপিছু আয়ে নতুন রেকর্ড