চট্টগ্রাম নগরের উন্নয়ন কার্যক্রমে সংশ্লিষ্ট সব সেবা সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ নির্দেশনা দেওয়া হয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনকে।


গতকাল রোববার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সিডিএ চেয়ারম্যান। এ সময় দেশের বিভিন্ন উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানরাও উপস্থিত ছিলেন।


সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী নগর উন্নয়ন ও চলমান প্রকল্প বাস্তবায়ন নিয়ে সিডিএ চেয়ারম্যানকে একগুচ্ছ নির্দেশনা দেন।


বিষয়টি নিশ্চিত করে সিডিএ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন বলেন, চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা নিরসনে কার্যকর উদ্যোগ গ্রহণ, চলমান উন্নয়ন প্রকল্প নির্ধারিত সময়ের মধ্যে বাস্তবায়ন এবং প্রকল্পের প্রাক্কলিত ব্যয় যেন অযৌক্তিকভাবে বৃদ্ধি না পায়—এ বিষয়ে প্রধানমন্ত্রী কঠোর নির্দেশনা দিয়েছেন।

এ ছাড়া, চট্টগ্রাম সিটি কর্পোরেশনসহ সংশ্লিষ্ট সব সেবা সংস্থার সঙ্গে সমন্বয় বজায় রেখে উন্নয়ন কার্যক্রম পরিচালনার ওপরও গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী।