আকস্মিক ভয়াবহ বন্যায় চট্টগ্রাম জেলায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা পরিদর্শন এবং দুর্গত মানুষের মাঝে জরুরি ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপি'র সিনিয়র যুগ্ম-মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী আহম্মেদ এবং ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন ।

আজ চট্টগ্রাম জেলার আনোয়ারা উপজেলার তৈলারদ্বীপ বাজার সংলগ্ন এলাকা, বাঁশখালী উপজেলার ইলিশা ও সাতকানিয়া উপজেলার পাঠানের পুল এলাকা সরজমিনে পরিদর্শন করেন। পরবর্তীতে সাতকানিয়া উপজেলার পাঠানের পুল এলাকা থেকে বাংলাদেশ সেনাবাহিনীর সক্রিয় সহযোগিতায় নৌকাযোগে কেউচিয়াসহ মারাত্মকভাবে প্লাবিত ও জলমগ্ন এলাকাগুলো ঘুরে দেখেন এবং দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে বানভাসি ও ক্ষতিগ্রস্ত স্থানীয় বাসিন্দাদের সাথে তারা সরাসরি কথা বলেন এবং তাদের দুর্ভোগের খোঁজখবর নেন।

সরেজমিনে পরিদর্শনকালে বন্যাদুর্গত এসব অঞ্চলের চরমভাবে ক্ষতিগ্রস্ত ও অসহায় ১,৫০০ পরিবারের মাঝে জরুরি খাদ্য এবং জীবনধারণের জন্য প্রয়োজনীয় নিত্যপ্রয়োজনীয় ত্রাণ সামগ্রী বিতরণ করেন। প্রশাসনের সার্বিক সহযোগিতায় সুশৃঙ্খলভাবে এই ত্রাণ বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়।

ত্রাণ বিতরণকালে উপস্থিত দুর্গত জনসাধারণের উদ্দেশ্যে ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার বন্যাদুর্গত মানুষের কষ্ট লাঘবে অত্যন্ত আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছে এবং এই দুর্যোগে সর্বদা আপনাদের পাশে রয়েছে।

তিনি দুর্গত মানুষকে আশ্বস্ত করে আরো বলেন, বন্যার পানি নেমে যাওয়ার সাথে সাথে সাথে দুর্গত মানুষের পাশে দাঁড়াতে এবং তাদের দ্রুত স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে পুনর্বাসনের জন্য প্রয়োজনীয় সব ধরনের কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রতিমন্ত্রী সেখানে উপস্থিত মাঠ পর্যায়ের সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের অত্যন্ত দ্রুততার সাথে কোনো ধরনের বৈষম্য ছাড়া সুষম ত্রাণ বিতরণ নিশ্চিত করার তাগিদ দেন। একই সাথে তিনি ক্ষতিগ্রস্তদের ঘরবাড়ি ও পুনর্বাসন কার্যক্রম যথাযথভাবে সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় প্রশাসনিক নির্দেশনা প্রদান করেন।

 ত্রাণ বিতরণকালে অন্যান্যদের মধ্যে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন স্তরের রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত থেকে সাহয়তা করেন।