1. আল-আরাফাহ ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ চট্টগ্রামভিত্তিক কেডিএস গ্রুপের হাতে আসার পর নতুন নেতৃত্ব বেছে নিয়েছে ব্যাংকটির পরিচালনা পর্ষদ। নতুন চেয়ারম্যান হয়েছেন ব্যাংকটির সাবেক চেয়ারম্যান ও উদ্যোক্তা বদিউর রহমান। এর আগে ২০০৮ থেকে ২০১৬ সাল পর্যন্ত তিনি ব্যাংকটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।
  2. বদিউর রহমান বিদায়ী পর্ষদের চেয়ারম্যান ও স্বতন্ত্র পরিচালক খাজা শাহরিয়ারের স্থলাভিষিক্ত হয়েছেন। তবে চেয়ারম্যান পদ হারালেও নতুন পর্ষদে স্বতন্ত্র পরিচালক হিসেবে রয়েছেন খাজা শাহরিয়ার।
  3. অন্যদিকে নির্বাহী কমিটির চেয়ারম্যান হয়েছেন কেডিএস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সেলিম রহমান। তিনি পোশাক খাতের উদ্যোক্তাদের শীর্ষ সংগঠন বিজিএমইএর বর্তমান কমিটির ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট।
  4. বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন পরিচালনা পর্ষদ গঠনের তথ্য জানায় আল-আরাফাহ ইসলামী ব্যাংক। এর আগের দিন বুধবার ব্যাংকটির ১৪ জন শেয়ারহোল্ডারকে পরিচালক করার অনুমোদন দেয় বাংলাদেশ ব্যাংক। আগের পাঁচ স্বতন্ত্র পরিচালকসহ বর্তমানে ব্যাংকটির পরিচালনা পর্ষদে রয়েছেন ১৯ জন পরিচালক।
  5. আল-আরাফাহ ইসলামী ব্যাংক গত প্রায় দুই বছর বাংলাদেশ ব্যাংক নিযুক্ত স্বতন্ত্র পরিচালকদের মাধ্যমে পরিচালিত হয়ে আসছিল। নতুন যুক্ত হওয়া ১৪ জন শেয়ারহোল্ডার পরিচালকের মধ্যে কেডিএস গ্রুপের রয়েছেন ছয়জন। ফলে ব্যাংক পরিচালনা ও ঋণ অনুমোদনসহ বিভিন্ন নীতিনির্ধারণী সিদ্ধান্তে গ্রুপটির প্রভাব বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
  6. উদ্যোক্তা বদিউর রহমান কেডিএস গ্রুপের ব্যবসায়িক অংশীদার এবং প্যাসিফিক জিনসের স্বত্বাধিকারী।
  7. ব্যাংকের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, ভাইস চেয়ারম্যান হয়েছেন চট্টগ্রামের জাহাজ ভাঙা শিল্পের উদ্যোক্তা ও ব্যাংকটির উদ্যোক্তা পরিচালক লিয়াকত আলী চৌধুরী।
  8. ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান হয়েছেন ফরিদ উদ্দিন আহমেদ। তিনি কেডিএস টেক্সটাইলের প্রতিনিধি পরিচালক। অন্যদিকে নিরীক্ষা কমিটির চেয়ারম্যান হয়েছেন আগের পর্ষদের স্বতন্ত্র পরিচালক এম আবু ইউসুফ।
  9. বাংলাদেশ ব্যাংকের নীতিমালা অনুযায়ী, কোনো বাণিজ্যিক ব্যাংকে সর্বোচ্চ তিনটি সাব-কমিটি থাকতে পারে। নতুন পর্ষদে মূল নেতৃত্বের পাশাপাশি তিনটি সাব-কমিটির মধ্যে দুটির নেতৃত্বে রয়েছেন কেডিএস গ্রুপের প্রতিনিধিরা।
  10. পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে রয়েছেন কেডিএস গ্রুপের চেয়ারম্যান খলিলুর রহমান, নারিশ পোল্ট্রি ফিডের মূল প্রতিষ্ঠান খালেদ গ্রুপ অব কোম্পানিজের প্রতিনিধি এবং আল-আরাফাহ ইসলামী ব্যাংকের উদ্যোক্তা পরিচালক নাজমুল আহসান খালেদ।
  11. এছাড়া রয়েছেন পুরান ঢাকার মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি এনায়েত উল্লা। তিনি ব্যাংকটির উদ্যোক্তা পরিচালক ও সাবেক চেয়ারম্যান। সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৭ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন তিনি।
  12. নতুন পর্ষদে আরও যুক্ত হয়েছেন ব্যবসায়ী আহামেদুল হক; ব্যাংকটির সাবেক চেয়ারম্যান মীর আহমেদ সওদাগরের সন্তান ও চট্টগ্রামের মীর গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবদুস সালাম; ব্যাংকটির উদ্যোক্তা পরিচালক ও সিলেটের আল-হারামাইন গ্রুপের ইমাদুর রহমান; উদ্যোক্তা পরিচালক রফিকুল ইসলাম এবং মডার্ন গ্রুপ অব কোম্পানিজের ব্যবস্থাপনা পরিচালক ও উদ্যোক্তা পরিচালক আনোয়ার হোসাইন।
  13. নতুন যুক্ত হওয়া পরিচালকদের মধ্যে রয়েছেন কেডিএস গার্মেন্টসের প্রতিনিধি মাহবুব আহমেদ এবং কেডিএস গ্রুপের প্রতিষ্ঠান কেওয়াই স্টিল মিলের প্রতিনিধি শরিফ উদ্দিন তসলিম।
  14. ২০২৪ সালের জুলাই-আগস্টের গণআন্দোলনের পর আওয়ামী লীগ সরকারের পতন হলে ব্যাংক খাতের পুনর্গঠন ও সংস্কারের অংশ হিসেবে এক ডজনের বেশি ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দেয় বাংলাদেশ ব্যাংক।
  15. এরই ধারাবাহিকতায় ২০২৪ সালের আগস্টে আল-আরাফাহ ইসলামী ব্যাংকের আগের পর্ষদ ভেঙে দিয়ে পাঁচজন স্বতন্ত্র পরিচালক নিয়ে নতুন পর্ষদ গঠন করা হয়। ওই পর্ষদের চেয়ারম্যান খাজা শাহরিয়ারসহ পাঁচ স্বতন্ত্র পরিচালকই নতুন পর্ষদে রয়েছেন। অন্য স্বতন্ত্র পরিচালকরা হলেন শাহীন উল ইসলাম, আব্দুল ওয়াদুদ ও মোহাম্মদ আশরাফুল হাসান।