রাজশাহী প্রতিনিধি


আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তির অভিযোগে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। দুপুরে রাজশাহীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার।

মামলায় আট জনকে আসামি করা হয়েছে। অন্য আসামিরা হলেন– আতিক হাসান (২৫), বাবুল হোসেন (৩০), শিমুল সরকার (২৫), মুকুল হোসেন (৩০), হেলাল উদ্দিন রিয়াল (২৫), জাহাঙ্গির আলম (২৮) ও শামিম সরকার (২৭)।


ডাবলু সরকার জানান, গত ২১ জুলাই সন্ধ্যার পর জেলার বাঘা উপজেলার মনিগ্রাম ইউনিয়নের হাবিবুরের মোড়ে পথসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তি করে বক্তব্য দেন আবু সাঈদ চাঁদ। যার প্রতিবাদে ফুঁসে ওঠে রাজশাহী আওয়ামী লীগ। চারঘাট ও বাঘায় চাঁদকে অবাঞ্ছিত ঘোষণা করে স্থানীয় আওয়ামী লীগ। এরপর সোমবার বিকালে রাজশাহীর পবা ও মোহনপুরে বিক্ষোভ মিছিল করে নগরেও চাঁদকে অবঞ্ছিত ঘোষণা করা হয়। তারা একটি ঐতিহ্যবাহী রাজনৈতিক দলের সভাপতিকে নিয়ে মানহানিকর মন্তব্য করেছেন। অন্য আসামিরা সেটা ফেসবুকের মাধ্যমে প্রচার করেছেন। যেটা দণ্ডনীয় অপরাধ। এ কারণে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।


এদিকে, রাজশাহী জেলা বিএনপি’র আহ্বায়ক আবু সাঈদ চাঁদের বক্তব্যের প্রতিবাদে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের উদ্যোগে মঙ্গলবার বিকাল ৫টায় কুমারপাড়ার মহানগর আওয়ামী লীগ কার্যালয় থেকে ঝাড়ু মিছিল বের হয়। মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।