দীর্ঘদিন ধরে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) প্রধান কার্যালয়ের সামনে গড়ে ওঠা অবৈধ দখল উচ্ছেদে সরাসরি মাঠে নেমেছেন সংস্থাটির চেয়ারম্যান প্রকৌশলী মো. বেলায়েত হোসেন। তাঁর উপস্থিতিতে পরিচালিত অভিযানে ফুটপাতজুড়ে গড়ে ওঠা শতাধিক অবৈধ দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। সিডিএ ভবনের সামনের ফুটপাত ও আশপাশের এলাকায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সিডিএ চেয়ারম্যান নিজে উপস্থিত থেকে সার্বিক কার্যক্রম তদারকি করেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
সিডিএ সূত্র জানায়, দীর্ঘদিন ধরে সংস্থাটির প্রধান কার্যালয় ঘিরে অসংখ্য অবৈধ দোকানপাট ও অস্থায়ী স্থাপনা গড়ে ওঠে। এসব স্থাপনার কারণে একদিকে যেমন সিডিএ ভবনের সৌন্দর্য ক্ষুণ্ন হচ্ছিল, অন্যদিকে সেবাগ্রহীতা, কর্মকর্তা-কর্মচারী ও সাধারণ পথচারীদের চলাচলে চরম ভোগান্তি সৃষ্টি হচ্ছিল। পাশাপাশি এ কারণে যানজটও বাড়ছিল।
উচ্ছেদ কার্যক্রম চলাকালে সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী মো. বেলায়েত হোসেন বলেন, ‘কোনো অবস্থাতেই চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের ভবনের আশপাশে অবৈধ স্থাপনা থাকতে দেওয়া হবে না। এই দখলের সঙ্গে যদি কোনো চক্র জড়িত থাকে, তবে তদন্তসাপেক্ষে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
তিনি আরও বলেন, ‘একটি সেবাধর্মী প্রতিষ্ঠানের সামনে কিংবা যেকোনো সরকারি অফিসকে ঘিরে অবৈধভাবে ফুটপাত দখল হলে দাপ্তরিক সেবা বিঘ্নিত হয়। একই সঙ্গে জনসাধারণের চলাচলে দুর্ভোগ বাড়ে এবং যানজট সৃষ্টি হয়। জনস্বার্থে ও নগরীর শৃঙ্খলা ফিরিয়ে আনতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’